নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস পিএলসির প্রস্তাবিত ৯ সদস্যের পরিচালনা পর্ষদ গঠনে অনাপত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের ১ হাজার ৩১তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
বিএসইসি সূত্র জানা গেছে, কমিশনের প্যানেলভুক্ত আইনজীবীর চিঠির মাধ্যমে আদালতের মৌখিক নির্দেশনার বিষয়টি অবহিত হওয়ার পর বিনিয়োগকারীদের স্বার্থসহ সার্বিক বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রস্তাবিত ৯ সদস্যের পর্ষদে স্পন্সরদের মধ্য থেকে তিনজন পরিচালক থাকবেন। তারা হলেন এএসএফ রহমান, ওসমান কায়সার চৌধুরী ও ইকবাল আহমেদ। এছাড়া নতুন করে একজন ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়া হবে।
পর্ষদে স্থানীয় আর্থিক প্রতিষ্ঠান আইএফআইসি ব্যাংক পিএলসি থেকে একজন পরিচালক এবং চারজন স্বতন্ত্র পরিচালক রাখার প্রস্তাব করা হয়েছে। চার স্বতন্ত্র পরিচালকের মধ্যে তিনজনকে নতুন করে নিয়োগ দেওয়া হবে। তাদের মধ্যে একজন নারী স্বতন্ত্র পরিচালক থাকবেন। প্রস্তাবিত পর্ষদ কাঠামো করপোরেট গভর্ন্যান্স কোড, ২০১৮-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
এদিকে কোম্পানি মামলা প্রত্যাহার করলে কমিশন ইতোপূর্বে জারি করা দুটি আদেশ প্রত্যাহার করবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৩১ ডিসেম্বর জারি করা আদেশ এবং ২০২৬ সালের ১৫ জানুয়ারি জারি করা আদেশ রয়েছে।
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, কোম্পানি কর্তৃক মামলা প্রত্যাহারের শর্তে সংশ্লিষ্ট আদেশ দুটি প্রত্যাহার করা হবে।
Leave a Reply