নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো এবার শেয়ারহোল্ডারদের মাত্র ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে কোম্পানিটির এতো কম লভ্যাংশ দেওয়ার রেকর্ড নেই। ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ।
মঙ্গলবার (৩ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর পরিচালনা পর্ষদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ শেয়ারহোল্ডাররা প্রতিটি শেয়ারের বিপরীতে ৩ টাকা লভ্যাংশ পাবেন।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার পর এতো কম লভ্যাংশ কোম্পানিটি আর দেয়নি। এর আগে ২০২৪ সালে ৩০০ শতাংশ, ২০২৩ সালে নগদ ১০০ শতাংশ, ২০২২ সালে নগদ ২০০ শতাংশ, ২০২১ সালে নগদ ২৭৫ শতাংশ এবং ২০২০ সালে ৬০০ শতাংশ নগদ ও ২০০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
২০২৫ সালের জন্য ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) নির্ধারণ করা হয়েছে ৩০ এপ্রিল। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১ এপ্রিল।
সমাপ্ত বছরটিতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে মাত্র ১০ টাকা ৮০ পয়সা। যা আগের বছরে ছিল ৩২ টাকা ৪২ পয়সা।
এই মুনাফা কমার কারণ হিসেবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬৭ শতাংশ হ্রাস পেয়েছে। এ পতনের পেছনে প্রধানত নিম্ন টার্নওভার এবং পরিচালন ব্যয় বৃদ্ধি দায়ী, যা মূল্যস্ফীতিজনিত চাপ ও ব্যবসার কিছু খাতে কার্যক্রম বৃদ্ধির কারণে বেড়েছে।
১৯৭৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৫৪ কোটি। এর মধ্যে ৭২ দশমিক ৯১ শতাংশ শেয়ার উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৮ দশমিক ৭৯ শতাংশ। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৪৩ শতাংশ এবং বিদেশিদের কাছে ৩ দশমিক ২৩ শতাংশ শেয়ার আছে।
Leave a Reply