1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি ৩২ শতাংশ কারখানা - Business Protidin

ফেব্রুয়ারি মাসের বেতন দেয়নি ৩২ শতাংশ কারখানা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ঈদের বোনাস তো দুরের কথা মুল বেতনই দেয়নি ৩২ শতাংশ কারখানায়। সরকার নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও রপ্তানিমুখী তৈরি পোশাকসহ অন্যান্য শিল্পকারখানার শ্রমিকদের একটি উল্লেখযোগ্য অংশ গতকাল রোববার (১৫ মার্চ) পর্যন্ত ফেব্রুয়ারি মাসের বেতন ও উৎসব ভাতা বা বোনাস পায়নি। যদিও শ্রমিকের বেতন-ভাতা পরিশোধে রপ্তানিমুখী প্রতিষ্ঠানকে সহজ শর্তে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছে সরকার।

একাধিক শ্রমিকনেতার অভিযোগ, মালিকদের একটি অংশ ইচ্ছা করেই শ্রমিকের বেতন ও বোনাস নির্ধারিত সময়ে পরিশোধ করে না। সে কারণে অনেক শ্রমিক অনিশ্চয়তায় থাকেন। অন্যদিকে তৈরি পোশাকশিল্প কারখানার মালিকেরা বলছেন, অধিকাংশ কারখানা গত মাসের বেতন-ভাতা দিয়েছে। আগামী বুধবারের মধ্যে বোনাস দিয়ে কারখানাগুলোতে ছুটি হবে।

দেশের বিভিন্ন অঞ্চলের ১০ হাজার ১০০ শিল্পকারখানা শিল্প পুলিশের তদারকি মধ্যে রয়েছে। সংস্থাটির দেওয়া তথ্য অনুযায়ী, গতকাল রোববার পর্যন্ত ৬ হাজার ৮৩৪টি কারখানা (প্রায় ৬৮ শতাংশ) গত মাসের বেতন-ভাতা পরিশোধ করেছে। ৩ হাজার ২৬৬ কারখানায় বেতন-ভাতা বকেয়া রয়েছে (৩২ শতাংশ)। ফেব্রুয়ারি মাসের বেতন বকেয়া থাকা কারখানার মধ্যে পোশাক কারখানা ৭১৮টি, বস্ত্রকল ১৫৮টি, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের ভেতরের কারখানা ১০টি, পাটকল ৪টি এবং অন্যান্য ২ হাজার ৩৭৬টি।

১০ হাজার ১০০ শিল্পকারখানার মধ্যে গতকাল পর্যন্ত সাড়ে ৩৬ শতাংশ বা ৩ হাজার ৬৯২টি শ্রমিকের ঈদ বোনাস পরিশোধ করেছে। বোনাস দেয়নি ৬৩ শতাংশ বা ৬ হাজার ৪০৮টি প্রতিষ্ঠান।

জানা যায়, ৩ মার্চ শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম সভা ও তৈরি পোশাক খাতবিষয়ক ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (আরএমজিবিষয়ক টিসিসি) ২৩তম সভা হয়। এতে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী দেশের শিল্পকারখানার শ্রমিকদের ফেব্রুয়ারি মাসের বেতন ৯ মার্চ এবং ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে দেওয়ার নির্দেশ দেন।

বৈঠকের এক সপ্তাহ আগে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী ও বিদায়ী গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ করে ঈদের আগে দুই মাসের বেতনের সমপরিমাণ অর্থ সহজ শর্তে ঋণ দিতে অনুরোধ করেন। এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংক জানিয়ে দেয়, সচল ও রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠান শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য এক মাসের বেতনের জন্য বিশেষ ঋণসুবিধা পাবে। এই ঋণসুবিধার পাশাপাশি চলতি মাসে রপ্তানিমুখী শিল্প খাতের বকেয়া ২ হাজার ৫০০ কোটি টাকার নগদ সহায়তা ছাড় করা হয়।

প্রতিবছর ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে রাস্তায় নামতে দেখা যায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। ৯ মার্চ ময়মনসিংহের ভালুকায় রাসেল অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানার শ্রমিকেরা বেতন ও ঈদ বোনাসের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লার গাবতলী এলাকায় বকেয়া বেতন, ওভারটাইমের (অতিরিক্ত সময়ের কাজ) মজুরি ও বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সেঞ্চুরি গার্মেন্টসের শ্রমিকেরা।

নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সদস্য সচল কারখানা ৮৩২। তার মধ্যে প্রায় অর্ধেক প্রতিষ্ঠান এক মাসের বেতন দিতে ঋণ নিয়েছে। এখন পর্যন্ত ৩০-৩৫ শতাংশ কারখানা শ্রমিকের বেতন দেয়নি। আর বোনাস দিয়েছে অর্ধেকের কম কারখানা।

এদিকে ঢাকা ও চট্টগ্রামে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সদস্য সচল কারখানা ২ হাজার ১২৭টি। এর মধ্যে গতকাল পর্যন্ত ২ হাজার ৪৬টি কারখানা ফেব্রুয়ারি মাসের বেতন দিয়েছে। তার মানে বেতন পরিশোধ বাকি আছে ৮১টি কারখানায়। আরও ঈদ বোনাস দিয়েছে ১ হাজার ৮৮০টি কারখানা। জানুয়ারি মাসের বেতন এখনো বাকি আছে ৫টি কারখানায়। চলতি মাসের বেতনের একাংশ অগ্রিম দিয়েছে ৯টি কারখানা। বেতন-ভাতা পরিশোধে ঋণ নিতে ৩৮৭টি কারখানা বিজিএমইএ থেকে প্রত্যয়নপত্র নিয়েছে। তার বাইরেও ২০০-৩০০ কারখানা ঋণ নিয়েছে বলে জানান বিজিএমইএর কর্মকর্তারা।

বিজিএমইএ জানায়, আজ সোমবার (১৬ মার্চ) সংগঠনটির ১৫ শতাংশ, মঙ্গলবার ৩৫ শতাংশ, বুধবার ৪৫ শতাংশ এবং বৃহস্পতিবার বাকি ৫ শতাংশ কারখানায় ছুটি হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com