নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের মালিকানায় বড় ধরনের পরিবর্তন আসছে। কোম্পানিটির বিদ্যমান পরিচালকদের কাছ থেকে ৩০ শতাংশ শেয়ার কিনতে যাচ্ছে আকিজ রিসোর্স লিমিটেড।
রোববার (২৬ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডমিনেজ স্টিল কর্তৃপক্ষ জানিয়েছে, আলোচনার ভিত্তিতে অফ–মার্কেটে লেনদেনের মাধ্যমে কোম্পানির মোট ৩ কোটি ৭৮ লাখ শেয়ার বিক্রির সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা পর্ষদ।
কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের থেকে ওই শেয়ার কিনে নিবেন আকিজ রিসোর্স এবং কোম্পানিটির বর্তমান চেয়ারম্যান ফারিয়া হোসাইন ও ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন।
শেয়ার হস্তান্তরের অনুমোদনের জন্য শিগগিরই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদের সিদ্ধান্ত হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন হলে নতুন পরিচালনা পর্ষদ কোম্পানির ব্যবস্থাপনা ও কার্যক্রমের দায়িত্ব গ্রহণ করবে।
জানা যায়, নতুন ব্যবস্থাপনার অধীনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় চালু ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ক্রেতা পক্ষের বিদ্যমান ইস্পাত খাতের অবকাঠামোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কোম্পানিটির কার্যক্রমে ইতিবাচক গতি আসবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
তথ্য মতে, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমসের উদ্যোক্তা ও পরিচালকদের কাছে বর্তমানে কোম্পানিটির ৩০ দশমিক ২০ শতাংশ শেয়ারের মালিকানা বিদ্যমান রয়েছে। এই শেয়ার ক্রয় সম্পন্ন হলে পরিচালনা পর্ষদের পূর্ণ মালিকানা আকিজ রিসোর্স লিমিটেডের কাছে চলে যাবে।
Leave a Reply