নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ধ ও আংশিক বন্ধ শিল্প এবং সেবা খাতের প্রতিষ্ঠানগুলোকে পুনরায় সচল করতে ২০ হাজার কোটি টাকার একটি প্রাক-অর্থায়ন স্কিম গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (০৪ জুন) এ বিষয়ে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে।
‘বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক প্রাক-অর্থায়ন স্কিম’ নামে গঠিত এ তহবিলের মাধ্যমে বৃহৎ শিল্প ও সেবা খাতের” প্রতিষ্ঠানগুলোকে ওয়ার্কিং ক্যাপিটাল সহায়তা দেওয়া হবে। বিশেষ করে রপ্তানিমুখী এবং প্রচ্ছন্ন রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে।
সার্কুলারে বলা হয়েছে, সম্পূর্ণ বন্ধ কিন্তু পুনরায় চালুর উপযোগী প্রতিষ্ঠান, আংশিক বন্ধ প্রতিষ্ঠান এবং পর্যাপ্ত কার্যকর মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন বা সেবা দিতে না পারা প্রতিষ্ঠানগুলো এ সুবিধা পাবে।
স্কিমের আওতায় বাংলাদেশ ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর মাধ্যমে অর্থায়ন করবে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে তহবিল গ্রহণ করে গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ঋণ বিতরণ করতে পারবে। ঋণের ক্ষেত্রে প্রথম ছয় মাস গ্রেস পিরিয়ড রাখা হয়েছে।
ঋণের অর্থ শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা, কাঁচামাল ক্রয়, বিদ্যুৎ-গ্যাস ও অন্যান্য ইউটিলিটি বিল পরিশোধ, রপ্তানি আদেশ বাস্তবায়ন এবং উৎপাদন ব্যয় নির্বাহে ব্যবহার করা যাবে। তবে বিদ্যমান কোনো ঋণ সমন্বয় বা পরিশোধে এ অর্থ ব্যবহার করা যাবে না।
সার্কুলার অনুযায়ী, কোনো একক প্রতিষ্ঠান বা গ্রুপ সর্বোচ্চ ২০০ কোটি টাকা পর্যন্ত সুবিধা পাবে। প্রতিটি ঋণের মেয়াদ হবে সর্বোচ্চ এক বছর, তবে ব্যবসায়িক কার্যক্রম সন্তোষজনক হলে নবায়নের সুযোগ থাকবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করে বেসরকারি বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রমে গতি ফিরিয়ে আনার লক্ষ্য রয়েছে।
Leave a Reply