নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করা হয়েছে। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘসময় পর এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
সোমবার (০৮ জুন) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান স্বাক্ষরিত এক নির্দেশনায় এই তথ্য জানা গেছে।
এ নির্দেশনার আগ পর্যন্ত সোমবার বেক্সিমকোর শেয়ারে ১১০.১০ এবং ইসলামী ব্যাংকের শেয়ারে ৩২.৬০ টাকা ফ্লোর প্রাইস ছিল।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেছেন, ‘ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে কমিশন। আজকেই এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হবে। মঙ্গলবার থেকে ফ্লোর প্রাইস ছাড়াই ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার লেনদেনে হবে।’
তথ্য মতে, ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা। এর নিচে শেয়ারের দাম নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন। করোনা মহামারীর সময়কালে বাজারে শেয়ারের অস্বাভাবিক পতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ এ পদক্ষেপ নেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরে বিভিন্ন মেয়াদে কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।
সর্বশেষ ২০২৪ সালের ২৮ আগস্ট চারটি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম। তবে তখন ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি, যা সোমবারের বিশেষ কমিশন সভায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।
Leave a Reply