1. baiozidkhan@gmail.com : admin_bizp :
উৎপাদন কার্যক্রম বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ - Business Protidin
শিরোনাম :
চারটি আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা ও রেজল্যুশন কার্যক্রম শুরু বিনিয়োগকারীর সুরক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সিএমএসএফ, আসছে নতুন আইন ফের ৮০০ বিলিয়ন ডলার ছাড়াল ইলন মাস্কের সম্পদ বাংলাদেশের জীবন বীমা: জনআস্থার সংকট, দক্ষতার ঘাটতি এবং পুনর্জাগরণের রূপরেখা বিদেশে বাংলাদেশি খেলাপিদের সম্পদ খুঁজছে ৮ আন্তর্জাতিক প্রতিষ্ঠান ব্যক্তি বিনিয়োগ কমেছে ট্রেজারি বিল-বন্ডে উৎপাদন কার্যক্রম বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ দফায় দফায় সময় বাড়ালেও ৬২ শতাংশ টিআইএনধারী রিটার্ন দেয়নি অগ্নি বীমার দাবি নিষ্পত্তিতে অডিট রিপোর্ট নিয়ে মতবিরোধ অনিয়ম ও আমানত ফেরতে ব্যর্থতায় সংকুচিত হচ্ছে আর্থিক প্রতিষ্ঠান খাত

উৎপাদন কার্যক্রম বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত উৎপাদন কার্যক্রম বন্ধ হওয়া কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫টিতে দাঁড়িয়েছে। সর্বশেষ এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেডের কারখানা বন্ধের তথ্য জানিয়েছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত ১ আগস্ট থেকে এস আলম কোল্ড রোল্ড স্টিলসের কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, নিয়ন্ত্রণের বাইরে থাকা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে তাদের পক্ষে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

কোম্পানিটি আরো জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর কোনো পূর্ব নোটিশ ছাড়াই তাদের ব্যাংক হিসাব জব্দ করা হয়। একইসঙ্গে ঋণদাতা ব্যাংকগুলো এলসি খোলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে। ফলে উৎপাদনের জন্য প্রয়োজনীয় কাঁচামাল ও রাসায়নিক আমদানি ব্যাহত হয়। এর পাশাপাশি দক্ষ শ্রমিকদের একটি বড় অংশ চাকরি ছেড়ে চলে যাওয়ায় কোম্পানিটিতে তীব্র জনবল সংকট তৈরি হয়। কাঁচামাল ও রাসায়নিকের সরবরাহে বিঘ্ন এবং জনবল সংকট- সব মিলিয়ে শেষ পর্যন্ত কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় কোম্পানিটি।

এস আলম কোল্ড রোল্ড স্টিলস নতুন করে তালিকায় যুক্ত হওয়ায় ডিএসইতে বন্ধ বা অকার্যকর শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা এখন ৩৫টি।

ডিএসই সূত্র জানায়, কিছু কোম্পানি তাদের কার্যক্রমে সমস্যার কথা এক্সচেঞ্জকে জানিয়েছে। আবার কিছু প্রতিষ্ঠান কারখানা বন্ধের তথ্য প্রকাশ করেনি। কোনো কোনো ক্ষেত্রে ডিএসইর পরিদর্শনে গিয়ে দেখা গেছে, সংশ্লিষ্ট কারখানার কার্যক্রম এরইমধ্যে বন্ধ হয়ে গেছে। এসব কোম্পানির বেশির ভাগই ২০২০ থেকে ২০২৬ সালের মধ্যে উৎপাদন বন্ধ করেছে। তবে কয়েকটি প্রতিষ্ঠান এর চেয়েও দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় রয়েছে।

ডিএসইতে সবচেয়ে দীর্ঘ সময় ধরে বন্ধ থাকা তালিকাভুক্ত শিল্পপ্রতিষ্ঠান হলো মেঘনা পিইটি ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি ২০০২ সাল থেকে বন্ধ। এছাড়া বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস ২০১৬ সাল থেকে উৎপাদন কার্যক্রমে নেই। বন্ধ কোম্পানির তালিকায় এছাড়াও ইস্পাত, বস্ত্র, বিদ্যুৎ, সিমেন্ট, প্রকৌশল, সিরামিক, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও রাসায়নিক খাতের প্রতিষ্ঠান রয়েছে। এস আলম কোল্ড রোল্ড স্টিলসের আগে সর্বশেষ তালিকায় যুক্ত হয়েছে একই গ্রুপের দুই প্রতিষ্ঠান অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস ও এএফসি অ্যাগ্রো বায়োটেক।

ডিএসইর তথ্য অনুযায়ী, বর্তমানে এক্সচেঞ্জটিতে মোট ৩৬০টি কোম্পানি তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ১৬০টি, ‘বি’ ক্যাটাগরিতে ৭৪টি এবং ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে ১২৬টি কোম্পানি। বন্ধ অনেক প্রতিষ্ঠানই ‘জেড’ ক্যাটাগরিতে রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com