নিজস্ব প্রতিবেদক: বাংলা কিউআরভিত্তিক আন্তঃব্যাংক লেনদেনে ইন্টারচেঞ্জ রিইম্বার্সমেন্ট ফি (আইআরএফ) বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য পরিশোধে গ্রাহক, মার্চেন্ট, কার্ড ইস্যুকারী ও পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠান কোনো আইআরএফ বা এ-সংক্রান্ত সার্ভিস চার্জ নিতে পারবে না।
সোমবার (১০ আগস্ট) এ বিষয়ে পৃথক দুটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক। দেশের ব্যাংক, এমএফএস, পিএসপি ও পিএসওগুলোকে নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে।
এদিকে ক্ষুদ্র ও প্রান্তিক মার্চেন্টদের বাংলা কিউআর ব্যবহারে উৎসাহ দিতে আর্থিক প্রণোদনা চালু করছে বাংলাদেশ ব্যাংক। আগামী ১ অক্টোবর থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা পর্যন্ত এনপিএসবি লেনদেনে পেমেন্ট গ্রহণকারী প্রতিষ্ঠানকে ০.১০ শতাংশ এবং কার্ড ইস্যুকারী প্রতিষ্ঠানকে ০.২০ শতাংশ হারে প্রণোদনা দেওয়া হবে।
তবে প্রণোদনা পাওয়ার জন্য কৃত্রিমভাবে একটি লেনদেনকে একাধিক ছোট লেনদেনে ভাগ করা যাবে না। ব্যর্থ, বাতিল, রিফান্ড, চার্জব্যাক ও বিতর্কিত লেনদেনেও প্রণোদনা মিলবে না।
বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্টের খরচ কমানো, ক্ষুদ্র ব্যবসায়ীদের যুক্ত করা এবং আন্তঃব্যাংক ডিজিটাল লেনদেন বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।
Leave a Reply