নিজস্ব প্রতিবেদক: সানলাইফ ইন্স্যুরেন্সের ৪৩ দশমিক ১২ শতাংশ শেয়ার কিনেও প্রায় ৩৪৫ কোটি টাকা ঘাটতিতে পড়েছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স। ২০২৩ সালে ৭৭ কোটি ৯ লাখ ৬৫ হাজার টাকায় সানলাইফের শেয়ার কেনে গ্রীন ডেল্টা ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো।
শেয়ার কেনার সময় সানলাইফের সম্পদ ও দায়ের হিসাবে ঘাটতি ছিল ২৬৮ কোটি ১৭ লাখ টাকা। এর সঙ্গে শেয়ার কেনার অর্থ যোগ করলে গ্রীন ডেল্টার মোট ঘাটতি দাঁড়ায় ৩৪৫ কোটি ২৭ লাখ টাকা।
সানলাইফের দেখানো ৪৬১ কোটি টাকার সম্পদের বড় অংশ বাস্তবে নগদায়নযোগ্য নয় বলে অনুসন্ধানে উঠে এসেছে। একই সময়ে কোম্পানিটির দায় ছিল প্রায় ৩৭০ কোটি টাকা, যার মধ্যে গ্রাহকদের পাওনা ৩০৯ কোটি টাকার বেশি।
এদিকে শেয়ার ক্রয় চুক্তি অনুযায়ী মালিকানা হস্তান্তরের আগের বীমা পলিসির দায় বর্তমান পরিচালনা পর্ষদের বহন করার কথা থাকলেও গ্রাহকদের বকেয়া দাবি নিষ্পত্তিতে কার্যকর উদ্যোগ না নেওয়ার অভিযোগ রয়েছে।
এছাড়া গ্রীন ডেল্টার আর্থিক নথি ও বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের ভিত্তিতে কোম্পানিটির তহবিল থেকে প্রায় ৮৫০ কোটি টাকা অনিয়মের মাধ্যমে সরিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।
এসব অভিযোগের বিষয়ে গ্রীন ডেল্টার সিইও ফারজানা চৌধুরীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply