1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বন্ধ সরকারি কারখানায় ১৪ শিল্পগোষ্ঠীর ৮৬ বিনিয়োগ প্রস্তাব - Business Protidin
শিরোনাম :

বন্ধ সরকারি কারখানায় ১৪ শিল্পগোষ্ঠীর ৮৬ বিনিয়োগ প্রস্তাব

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানায় বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে ১৪টি প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠী। এসব প্রতিষ্ঠান সরকারের কাছে মোট ৮৬টি বিনিয়োগ প্রস্তাব দিয়েছে। প্রস্তাবগুলো বর্তমানে যাচাই-বাছাই করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

বিনিয়োগকারীরা কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, খাদ্য, সৌরবিদ্যুৎ, বৈদ্যুতিক গাড়ি, হালকা প্রকৌশল, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে চায়। বিনিয়োগ প্রস্তাবের মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ ৩৫টি। এরপর আকিজ রিসোর্স গ্রুপ ১২টি, টি কে গ্রুপ ১০টি, কাজী ফার্মস ৪টি এবং ট্রান্সকম গ্রুপ ৩টি প্রস্তাব দিয়েছে।

কিছু কারখানায় একাধিক প্রতিষ্ঠান বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। যেমন ঠাকুরগাঁও সুগার মিলে প্যারাগন ও কাজী ফার্মস এবং সেতাবগঞ্জ সুগার মিলে নাবিল গ্রুপ, ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ ও মিল্ক ভিটা বিনিয়োগে আগ্রহী।

প্রাণ-আরএফএল গ্রুপ অটোমোবাইল, কৃষিশিল্প, নির্মাণসামগ্রী, সৌরবিদ্যুৎ, পাদুকা, আসবাব, পোলট্রি ও ডেইরি খাতে বিনিয়োগ করতে চায়। আকিজের বিভিন্ন প্রতিষ্ঠান কৃষি, সৌরবিদ্যুৎ, হালকা প্রকৌশল, বৈদ্যুতিক গাড়ি ও তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।

বিডা জানিয়েছে, সরকারি বন্ধ ও অলাভজনক কারখানাগুলো দীর্ঘমেয়াদি ইজারা, মুনাফা ভাগাভাগি কিংবা অন্য কোনো মডেলে বেসরকারি খাতে দেওয়া হতে পারে। এ বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করা হয়েছে এবং শিগগিরই তা চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, বেসরকারি খাতে দেওয়ার পর এসব প্রতিষ্ঠান যেন শিল্পকারখানা হিসেবেই পরিচালিত হয়, তা নিশ্চিত করতে হবে। আবাসন প্রকল্পসহ অন্য কাজে কারখানার জমি ব্যবহারের সুযোগ দেওয়া উচিত নয়।

উল্লেখ, সরকার গত জুনে বেসরকারি খাতে দেওয়ার উপযোগী ৪৪টি বন্ধ ও লোকসানি কারখানা চিহ্নিত করে। এর মধ্যে বিএসএফআইসির ১৩টি, বিটিএমসির ১২টি, বিসিআইসির ১০টি, বিজেএমসির ৫টি এবং বিএসইসির ৪টি প্রতিষ্ঠান রয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com