নিজস্ব প্রতিবেদক: দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ফু-ওয়াং ফুড লিমিটেডের কারখানা ছয় মাসের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।
রোববার (২৩ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে এই তথ্য জানা গেছে।
কোম্পানির তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (২২ আগস্ট) অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভায় কারখানা লে-অফের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকা এবং কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম চালানো কঠিন হয়ে পড়েছে। এ কারণে কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, ২২ আগস্ট থেকে ছয় মাসের জন্য কোম্পানিটির কারখানা লে-অফ থাকবে।
অন্যদিকে, কোম্পানিটির আর্থিক অবস্থা দুর্বল। এ কোম্পানিটি ২০২১-২২ থেকে ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত লোকসান হয়েছে। এছাড়া ২০২৪-২৫ অর্থবছরের ৯ মাসেও (জুলাই ২০২৪- মার্চ ২০২৫) লোকসান হয়েছে। এরপরে কোম্পানিটির আর্থিক হিসাব প্রকাশ করা হয়নি।
কোম্পানিটির ২০২১-২২ অর্থবছরে ২৫ কোটি ৮ লাখ টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ কোটি ৩৪ লাখ টাকা ও ২০২৩-২৪ অর্থবছরে ৩ কোটি ৫৫ লাখ টাকা লোকসান হয়েছে।
২০০০ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফু ওয়াং ফুডের পরিশোধিত মূলধন ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। কোম্পানিটির ৯২ দশমিক ১৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে। কোম্পানিটির শেয়ার দর রয়েছে ১১ টাকা ১০ পয়সায়।
Leave a Reply