নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির ব্যক্তি আমানতকারীদের সুখবর দিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১ সেপ্টেম্বর থেকে গ্রাহকরা নিজ নিজ হিসাব থেকে প্রয়োজনীয় টাকা বা চাহিদামতো উত্তোলন করতে পারবেন। একই সঙ্গে আমানতের মুনাফায় কোন ধরনের ‘হেয়রকাট’ বা কর্তন করা হবে না। বিষয়টি গ্রাহকদের স্পষ্টভাবে জানাতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান ও ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার। মঙ্গলবার (২৫ আগস্ট) সকালে বাংলাদেশ ব্যাংকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান, মো. কবির আহমাদ, মো. সরোয়ার হোসেন ও মো. আমিনুর রহমান উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে গভর্নর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে আমানতকারী ও ব্যাংকের কার্যক্রম নিয়ে কয়েকটি নির্দেশনা দেন।
বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, আমানতকারীদের মুনাফার ওপর কোনো ধরনের ‘হেয়ারকাট’ থাকবে না—এ বিষয়টি তাঁদের স্পষ্টভাবে জানাতে হবে। জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট না থাকার কথা ঘোষণা করলেও বিষয়টি নিয়ে আমানতকারীদের মধ্যে কিছুটা অস্পষ্টতা রয়েছে।
এ ছাড়া গত ২৯ ডিসেম্বর ২০২৫ তারিখে ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি বাস্তবায়ন করা হচ্ছে বলে জানানো হয়। আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাঁদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব ও মুদারাবা মেয়াদি আমানতের মূল অর্থের নির্ধারিত সীমার বাইরে প্রয়োজন অনুযায়ী অর্থ উত্তোলনের সুযোগ পাবেন। এ বিষয়ে ব্যাংককে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
৩৫ হাজার কোটি টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করা সম্মিলিত ইসলামী ব্যাংককে দ্রুততম সময়ের মধ্যে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রমে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
Leave a Reply