নিজস্ব প্রতিবেদক: দেশে কমোডিটি ডেরিভেটিভস মার্কেট চালুর প্রস্তুতি এগিয়ে নিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এরই মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্যভুক্ত সাতটি ব্রোকারেজ হাউস কমোডিটি ডেরিভেটিভস ব্রোকারের লাইসেন্সের জন্য আবেদন করেছে। যোগ্যতা যাচাই শেষে তাদের লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে লাইসেন্সের আবেদন করা প্রতিষ্ঠানগুলো হলো—লংকাবাংলা সিকিউরিটিজ, বি-রিচ, সোহেল সিকিউরিটিজ, আইল্যান্ড সিকিউরিটিজ, রয়েল ক্যাপিটাল, ইউসিবি স্টক ব্রোকারেজ ও ন্যাশনাল লাইফ সিকিউরিটিজ।
বিএসইসি জানিয়েছে, শুরুতে গোল্ড ও সিলভার নিয়ে ক্যাশ সেটেলমেন্ট কন্ট্রাক্ট চালুর পরিকল্পনা রয়েছে। পরে কপার, কটন ও ক্রুড পাম অয়েলসহ অন্যান্য পণ্য যুক্ত হতে পারে। প্রয়োজনীয় ওয়্যারহাউস ও পণ্যের মান যাচাইয়ের ব্যবস্থা তৈরি হলে ফিজিক্যাল ডেলিভারিও চালু করা হবে।
কমোডিটি বাজারকে মূলত ব্যবসায়ীদের মূল্যঝুঁকি কমানোর জন্য হেজিং মার্কেট হিসেবে গড়ে তুলতে চায় কমিশন। আমদানিকারক, রপ্তানিকারক ও বড় ব্যবসায়ীরা দামের ওঠানামার ঝুঁকি মোকাবিলায় এ বাজার ব্যবহার করতে পারবেন।
Leave a Reply