1. baiozidkhan@gmail.com : admin_bizp :
বেক্সিমকোর সুকুকে আটকে ২,৮০০ কোটি টাকা, অনিশ্চয়তায় ২২ ব্যাংক - Business Protidin
শিরোনাম :
হিরো ও ছায়েদুরের ৯৩ বিও হিসাব খুলে দিল বিএসইসি বেক্সিমকোর সুকুকে আটকে ২,৮০০ কোটি টাকা, অনিশ্চয়তায় ২২ ব্যাংক প্রথম প্রান্তিকে মুনাফা কমেছে স্কয়ার ফার্মার ৯ মাসে ২৩ ব্যাংকের রেকর্ড মুনাফা, ৮টির লোকসান রংপুরে পপুলার লাইফের ২ কোটি ১৯ লক্ষ টাকার বীমা দাবির চেক হস্তান্তর কিউআইও আবেদন প্রত্যাহার করে ব্যাংকঋণ নিতে চায় রয়্যাল ফুটওয়্যার জীবন বীমার ৬৮ শতাংশ দাবি অনিষ্পন্ন, ফারইস্টের ৯৯ শতাংশ বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচ পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক প্রথম প্রান্তিকে চার কোম্পানির মুনাফা বৃদ্ধি, সর্বোচ্চ এনভয় টেক্সটাইল আমদানি-রপ্তানিতে শতকোটি ডলারের ক্লাবে ৯ শিল্প গ্রুপ

বেক্সিমকোর সুকুকে আটকে ২,৮০০ কোটি টাকা, অনিশ্চয়তায় ২২ ব্যাংক

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: বেক্সিমকো গ্রুপের ৩ হাজার কোটি টাকার গ্রিন সুকুকের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৩ ডিসেম্বর। অথচ বিনিয়োগকারীদের পাওনা ২ হাজার ৮০০ কোটি টাকা ফেরত দেওয়ার নিশ্চয়তা এখনো মেলেনি। ফলে বড় ধরনের আর্থিক ঝুঁকিতে পড়েছে সুকুকে বিনিয়োগকারী সরকারি-বেসরকারি ২২টি ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠান। মেয়াদ বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ কিংবা সম্পদ বিক্রি—কোন পথে এই সংকটের সমাধান হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

২০২১ সালে দেশের প্রথম বেসরকারি শরিয়াহভিত্তিক গ্রিন সুকুক ছেড়ে পুঁজিবাজার থেকে ৩ হাজার কোটি টাকা সংগ্রহ করে বেক্সিমকো গ্রুপ। এর মধ্যে প্রায় ২০০ কোটি টাকা বেক্সিমকো লিমিটেডের শেয়ারে রূপান্তর করা হয়েছে। বাকি ২ হাজার ৮০০ কোটি টাকা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে বিনিয়োগকারীদের ফেরত দেওয়ার কথা। কিন্তু নির্ধারিত সময়ে এই অর্থ পরিশোধের সক্ষমতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সুকুকটির ট্রাস্টি ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) এখনো বেক্সিমকোকে আনুষ্ঠানিকভাবে খেলাপি ঘোষণা করতে পারছে না। কারণ, বেক্সিমকোর তিস্তা সোলার প্রকল্প থেকে পাওয়া অর্থ দিয়ে বিনিয়োগকারীদের মুনাফা নিয়মিত পরিশোধ করা হচ্ছে। ২০২৩ সালে উৎপাদনে যাওয়ার পর থেকে প্রকল্পটি সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি করে প্রায় ২ হাজার কোটি টাকা আয় করেছে। এর মধ্যে প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগকারীদের মুনাফা হিসেবে দেওয়া হয়েছে।

তবে আনুষ্ঠানিকভাবে খেলাপি ঘোষণা না করা পর্যন্ত জামানত হিসেবে রাখা সম্পদ বিক্রি করে অর্থ আদায়ের প্রক্রিয়া শুরু করার আইনি সুযোগ নেই আইসিবির। এ অবস্থায় গত ১১ অক্টোবর সুকুক পরিচালনার জন্য গঠিত বিশেষায়িত প্রতিষ্ঠান এসপিভির পরিচালনা পর্ষদ বৈঠকে বসে। সেখানে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সম্ভাব্য বিনিয়োগকারীদের প্রস্তাব মূল্যায়ন, সম্পদ বিক্রি এবং পুনঃঅর্থায়নের সুযোগ খোঁজার বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আইনি জটিলতা নিরসনে প্রয়োজনীয় নথিপত্র সংশোধনের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে।

বিদেশি বিনিয়োগের সম্ভাবনা

সুকুকের সংকট নিরসনে বিদেশি বিনিয়োগের প্রস্তাবও এসেছে। জাপান-বাংলাদেশ যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান রিভাইভাল গ্লোবাল লিমিটেড এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক অ্যাডসাম ক্যাপিটাল ম্যানেজমেন্ট এলএলসি তিস্তা সোলার প্রকল্পে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে।

তিস্তা সোলার প্রকল্পের সঙ্গে সরকারের ২০ বছর মেয়াদি বিদ্যুৎ ক্রয় চুক্তি রয়েছে। প্রকল্পটি প্রতি মাসে প্রায় ৫০ কোটি টাকার বিদ্যুৎ বিক্রি করে। সুকুকের তথ্য বিবরণী অনুযায়ী, প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১৫ সেন্ট। এই দীর্ঘমেয়াদি চুক্তিই বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করছে।

গত অক্টোবরে রিভাইভাল গ্লোবাল বিনিয়োগের প্রাথমিক আগ্রহ জানায়। প্রতিষ্ঠানটি সুকুকের তারল্যসংকট মোকাবিলার পাশাপাশি করতোয়া সোলার প্রকল্পের অসমাপ্ত কাজ শেষ করতেও অর্থায়নে আগ্রহী। এর আগে গত আগস্টে অ্যাডসাম ক্যাপিটাল তিস্তা সোলার প্রকল্পে বিনিয়োগ ও অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করে। তবে এ বিষয়ে এখনো দৃশ্যমান অগ্রগতি হয়নি।

মেয়াদ বাড়ানোর আবেদন ঝুলে আছে

সুকুকের মেয়াদপূর্তিতে অর্থ পরিশোধের চাপ এড়াতে গত জুনে মেয়াদ ছয় বছর বাড়ানোর আবেদন করে আইসিবি। বাংলাদেশ ব্যাংকের একটি উচ্চপর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়। তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এখনো আবেদনটির বিষয়ে সিদ্ধান্ত দেয়নি। এ জন্য বাংলাদেশ ব্যাংকের কমিটির আনুষ্ঠানিক অনাপত্তিপত্র চেয়েছে কমিশন।

অন্যদিকে তিস্তা সোলার প্রকল্প অধিগ্রহণে অ্যাডসামের প্রস্তাবে আপত্তি জানিয়েছে বেক্সিমকো। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ওসমান কায়সার চৌধুরীর সই করা চিঠিতে আইসিবিকে অ্যাডসামের সঙ্গে আলোচনা না করার অনুরোধ জানানো হয়েছে।

ব্যাংকের মুনাফা ও মূলধনে চাপের শঙ্কা

সুকুকে বেসরকারি প্লেসমেন্টের মাধ্যমে বিভিন্ন ব্যাংক ও তাদের সহযোগী প্রতিষ্ঠান বিনিয়োগ করেছে ২ হাজার ৪৩৯ কোটি টাকা। পাবলিক অফারিংয়ের মাধ্যমে সংগ্রহ করা হয় আরও ৫৫৮ কোটি টাকা। সুকুকের মেয়াদ না বাড়লে বিনিয়োগকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বড় অঙ্কের প্রভিশন সংরক্ষণ করতে হতে পারে। এতে তাদের মুনাফা ও মূলধন সক্ষমতার ওপর চাপ তৈরি হবে।

বেক্সিমকোর আর্থিক সংকটের কারণে সুকুকের ঝুঁকি আরও বেড়েছে। গ্রুপটির গাজীপুরের ইন্ডাস্ট্রিয়াল পার্কে প্রায় এক ডজন কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি ৩০ মেগাওয়াট সক্ষমতার করতোয়া সোলার প্রকল্পও এখনো উৎপাদনে যেতে পারেনি। ২০২৪ সালের আগস্টে অগ্নিকাণ্ডে প্রকল্পটির ট্রান্সফরমার ও সাইট অফিস ক্ষতিগ্রস্ত হওয়ায় কাজ পিছিয়ে যায়।

সব মিলিয়ে মেয়াদপূর্তির সময় ঘনিয়ে এলেও বিনিয়োগকারীদের অর্থ ফেরতের পথ এখনো নিশ্চিত নয়। ফলে বেক্সিমকোর সুকুকের পরিণতি শুধু বিনিয়োগকারীদের নয়, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর আর্থিক অবস্থার জন্যও বড় পরীক্ষা হয়ে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com