নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে কারসাজির অভিযোগে আলোচিত বিনিয়োগকারী আবুল খায়ের হিরু এবং মার্চেন্ট ব্যাংকার মো. ছায়েদুর রহমান ও তাঁদের স্বার্থসংশ্লিষ্ট পরিবারের সদস্যদের ৯৩টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) হিসাবের ওপর থেকে লেনদেন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
এর মধ্যে হিরু ও তাঁর পরিবারের সদস্যদের ৭৭টি এবং ছায়েদুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের ১৬টি হিসাব রয়েছে। তবে এসব হিসাবে লেনদেনের সুযোগ দেওয়া হলেও টাকা উত্তোলন ও শেয়ার স্থানান্তরের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত কমিশন সভায় যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। এর আগে ৩ নভেম্বর অনুষ্ঠিত কমিশন সভায় কিছু বিও হিসাবের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে অধিকতর যাচাই-বাছাই শেষে শুধু হিরু ও ছায়েদুর রহমানের স্বার্থসংশ্লিষ্ট হিসাবগুলোর বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
বিএসইসি সূত্রে জানা গেছে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা মোট ৭৪৮টি বিও হিসাব ফ্রিজ করা হয়েছিল। বিএসইসি, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ), দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আদালতের নির্দেশনায় এসব হিসাব জব্দ করা হয়। নতুন সিদ্ধান্তের ফলে ৯৩টি হিসাব সচল করার সুযোগ তৈরি হলেও বাকি ৬৫৫টি হিসাব এখনো ফ্রিজ অবস্থায় রয়েছে।
লেনদেনে থাকছে যেসব বিধিনিষেধ
বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, হিরু ও ছায়েদুর রহমানের স্বার্থসংশ্লিষ্ট বিও হিসাবগুলোতে সাধারণ বাজারে শেয়ার কেনাবেচা করা যাবে। তবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব হিসাবে ব্লক মার্কেটে কোনো লেনদেন করা যাবে না। একই সঙ্গে শেয়ার বিক্রির অর্থ হিসাব থেকে উত্তোলন করা যাবে না। অন্য কোনো ব্রোকারেজ হাউস বা মার্চেন্ট ব্যাংকে লিংক অ্যাকাউন্টের মাধ্যমে শেয়ার স্থানান্তরও করা যাবে না।
তবে এসব হিসাবের বিপরীতে যেসব ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংক মার্জিন ঋণ দিয়েছে, তারা বকেয়া ঋণ ও সুদ সমন্বয়ের জন্য শেয়ার বিক্রি করতে পারবে। এ ক্ষেত্রে বিক্রির অর্থ ঋণ সমন্বয়ের কাজে ব্যবহার করা যাবে।
বিএসইসি সূত্র জানায়, বিও হিসাব ফ্রিজ থাকায় শেয়ারের দাম কমে গেলেও ঋণ সমন্বয়ের জন্য সেগুলো বিক্রি করতে পারছিল না ঋণদাতা প্রতিষ্ঠানগুলো। এতে সংশ্লিষ্ট হিসাবগুলোতে ঋণের বিপরীতে মূলধন ঘাটতি বা নেগেটিভ ইক্যুইটি তৈরি হচ্ছিল। পাশাপাশি ঋণের সুদ বাড়লেও তা আদায় করতে পারছিল না প্রতিষ্ঠানগুলো।
এ পরিস্থিতিতে মার্জিন ঋণ দেওয়া ব্রোকারেজ হাউস ও মার্চেন্ট ব্যাংকগুলো হিসাবগুলো সচল করার আবেদন করে। তাদের আবেদনের পক্ষে সুপারিশ জানায় ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। এ ছাড়া ছায়েদুর রহমানসহ কয়েকজন বিও হিসাব ফ্রিজ করার এখতিয়ার নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। তাঁদের আবেদনের বিষয়টিও বিবেচনায় নেয় কমিশন।
ফ্রিজ থাকছে প্রভাবশালীদের হিসাব
হিরু ও ছায়েদুর রহমানের হিসাব সচল করার সিদ্ধান্ত হলেও আলোচিত অন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বেক্সিমকো গ্রুপের সাবেক ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান ও তাঁর ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমান।
এ ছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, নাসা গ্রুপের প্রধান নজরুল ইসলাম মজুমদার ও এস আলম গ্রুপের প্রধান মোহাম্মদ সাইফুল আলমের বিও হিসাব ফ্রিজ রয়েছে।
প্রতিষ্ঠানের মধ্যে বেক্সিমকো হোল্ডিংস লিমিটেড ও সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বিও হিসাবও স্থগিত রয়েছে। এসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচার, দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগে তদন্ত ও মামলা চলমান থাকায় আইনি বাধ্যবাধকতার কারণে হিসাবগুলোর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি বলে জানিয়েছে বিএসইসি সূত্র।
বিএসইসির লিখিত নির্দেশনা পাওয়ার পর সেন্ট্রাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) সংশ্লিষ্ট বিও হিসাবগুলো সচল করার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
Leave a Reply