1. baiozidkhan@gmail.com : admin_bizp :
২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি - Business Protidin
শিরোনাম :
২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংকের এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার লিব্রা ইনফিউশনসের অনিয়ম অনুসন্ধান করবে বিএসইসি আলোচনা ও দরকষাকষি: মজুরি বোর্ডে মালিকদের প্রস্তাব নিয়ে অসন্তোষ শ্রমিকদের গ্যাসসংকটে আরএকে সিরামিকসের উৎপাদন লাইন-৩ বন্ধ

২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: ব্যাংক খাতে খেলাপি ঋণ কমাতে বাংলাদেশ ব্যাংকের নীতিমালা শিথিল করার সুযোগ কাজে লাগিয়ে মাত্র তিন মাসে প্রায় ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে বিভিন্ন ব্যাংক। তবে বিপুল অঙ্কের ঋণ পুনঃতফসিল করার পরও ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ কমেনি। উল্টো গত এপ্রিল থেকে জুন—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৪৬ হাজার ৬৪২ কোটি টাকা। এতে ব্যাংক খাতের ঋণমান নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল-জুন প্রান্তিকে ব্যাংকগুলো মোট ১৯ হাজার ৯৫৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। অর্থাৎ, পুনঃতফসিলের মাধ্যমে বড় অঙ্কের ঋণ নিয়মিত দেখানোর সুযোগ তৈরি হলেও নতুন করে খেলাপি হওয়া ঋণের চাপ সামাল দেওয়া যাচ্ছে না। পুনঃতফসিলের সুযোগ না থাকলে খেলাপি ঋণের পরিমাণ আরও বেশি হতো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ব্যাংকাররা বলছেন, কয়েক বছর ধরে দেশের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা চলছে। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরও রাজনৈতিক অস্থিরতা ও সামগ্রিক অর্থনৈতিক চাপের কারণে ব্যবসায়িক পরিবেশ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ফলে অনেক ঋণগ্রহীতা সময়মতো কিস্তি পরিশোধ করতে পারছেন না। এ পরিস্থিতিতে ঋণ পুনঃতফসিলের শর্ত শিথিল করেছে কেন্দ্রীয় ব্যাংক।

২০২৪ সালের ৫ আগস্টের পর কয়েক দফায় ঋণ পুনঃতফসিলের নীতিমালায় পরিবর্তন আনা হয়। প্রচলিত নিয়মে ঋণ পুনঃতফসিল করতে সাধারণত সাড়ে ৪ শতাংশ ডাউন পেমেন্ট দিতে হয়। সর্বোচ্চ সাত বছর মেয়াদে ঋণ পরিশোধের সুযোগ থাকে, যার মধ্যে এক বছর গ্রেস পিরিয়ড পাওয়া যায়।

তবে নতুন নীতিমালায় বড় ধরনের ছাড় দেওয়া হয়েছে। এক হাজার কোটি টাকার বেশি খেলাপি ঋণের ক্ষেত্রে দুই বছর ঋণ পরিশোধে বিরতিসহ ১৫ বছর মেয়াদে পুনঃতফসিল বা নবায়নের সুযোগ রাখা হয়েছে। এর চেয়ে কম অঙ্কের ঋণের ক্ষেত্রে ১০ বছর মেয়াদে পুনঃতফসিল করা যাচ্ছে। এ জন্য আবেদনের সময় বকেয়া ঋণের ১ শতাংশ এবং পুনঃতফসিল কার্যকর হওয়ার পর ছয় মাসের মধ্যে আরও ১ শতাংশ ডাউন পেমেন্ট দেওয়ার সুযোগ রয়েছে।

ব্যাংকভিত্তিক তথ্যে দেখা যায়, সবচেয়ে বেশি খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। এপ্রিল-জুন সময়ে ব্যাংকটি ৩ হাজার ৩০ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে। এরপরও জুন শেষে ব্যাংকটির খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮ হাজার ৯১৫ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৫২ দশমিক ১৫ শতাংশ। এস আলম গ্রুপের ঋণসংক্রান্ত অনিয়ম ও বিপুল অর্থ আদায়ে অগ্রগতি না থাকাকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।

একই সময়ে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) ১ হাজার ৯৭৭ কোটি টাকা এবং এবি ব্যাংক ১ হাজার ২৫৯ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করেছে। এ ছাড়া প্রাইম ব্যাংক ৯৯৬ কোটি, ট্রাস্ট ব্যাংক ৯৬৩ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৯৫৬ কোটি, এনসিসি ব্যাংক ৭২৮ কোটি এবং সোশ্যাল ইসলামী ব্যাংক ৬৯৬ কোটি টাকার ঋণ পুনঃতফসিল করেছে।

ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আলতাফ হুসাইন বলেন, বড় ঋণগ্রহীতারা পুনঃতফসিলের বিষয়ে খুব বেশি আগ্রহ দেখাচ্ছেন না। এ পর্যন্ত যেসব ঋণ পুনঃতফসিল হয়েছে, তার বেশির ভাগই মাঝারি গ্রাহকদের। বড় গ্রাহকদের ক্ষেত্রে ডাউন পেমেন্টের পরিমাণ বেশি হওয়ায় তাঁরা এগিয়ে আসছেন না।

পুনঃতফসিলের পাশাপাশি গত তিন মাসে ব্যাংকগুলো ৭৮৪ কোটি টাকার সুদও মওকুফ করেছে। এর মধ্যে প্রাইম ব্যাংক সর্বোচ্চ ১৫০ কোটি টাকা সুদ মওকুফ করেছে। ইউসিবি ৭৮ কোটি, প্রিমিয়ার ব্যাংক ৭৪ কোটি এবং সোনালী ব্যাংক ৬৭ কোটি টাকার সুদ মওকুফ করেছে।

অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া বিভিন্ন সুবিধা কাজে লাগিয়ে ঋণ পুনঃতফসিল ও আদায়ের চেষ্টা চলছে। আগামী ডিসেম্বর নাগাদ এসব উদ্যোগের ইতিবাচক ফল পাওয়া যেতে পারে বলে তিনি আশা প্রকাশ করেন।

তবে সংশ্লিষ্টদের মতে, শুধু পুনঃতফসিল ও সুদ মওকুফ করে ব্যাংক খাতের খেলাপি ঋণ সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। ঋণ আদায়, জবাবদিহি নিশ্চিত করা এবং ইচ্ছাকৃত খেলাপিদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ব্যাংক খাতে ঝুঁকি আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com