নিজস্ব প্রতিবেদক: দুর্বলতা কাটিয়ে ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করতে আগামী চার বছরে সমন্বিত সংস্কার পরিকল্পনা বাস্তবায়ন করবে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় খেলাপি ঋণ আদায়, ব্যাংকের মূলধন বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠা ও ঝুঁকি ব্যবস্থাপনায় জোর দেওয়া হবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
জানা যায়, ব্যাংকিং খাতের প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণে সম্পদমান পর্যালোচনা (এআরকিউ) কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এ পর্যালোচনায় দীর্ঘদিনের অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা ও সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র উঠে এসেছে।
এতে বলা হয়, ব্যাংকিং খাত নিয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন নেতিবাচক প্রচারণা ও বিভ্রান্তিকর তথ্যের পরিপ্রেক্ষিতে জনসাধারণকে আশ্বস্ত করতে চায় কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকিং খাতের স্থিতিশীলতা রক্ষা, আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সুপরিকল্পিত সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংকগুলোর প্রকৃত আর্থিক অবস্থা ও সমস্যাগ্রস্ত সম্পদের চিত্র নিরূপণে আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতি অনুসরণ করে সম্পদমান পর্যালোচনা (এআরকিউ) করা হচ্ছে। বিশেষ করে সমস্যাগ্রস্ত ব্যাংকগুলোর ক্ষেত্রে এ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। এর মাধ্যমে দীর্ঘদিন ধরে জমে থাকা অনিয়ম, দুর্বল ঋণ ব্যবস্থাপনা এবং সম্পদের গুণগত অবনতির প্রকৃত চিত্র সামনে এসেছে।
কেন্দ্রীয় ব্যাংক বলছে, এআরকিউর কারণে খেলাপি ঋণের হারসহ বিভিন্ন আর্থিক সূচকে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা সাম্প্রতিক দুই বছরের কার্যক্রমের ফল নয়। বরং দীর্ঘ সময় ধরে জমে থাকা অনিয়ম ও দুর্বলতার প্রকৃত চিত্র এতে উঠে এসেছে। ব্যাংক খাতের টেকসই সংস্কারের জন্য প্রকৃত আর্থিক অবস্থা নিরূপণকে অপরিহার্য পূর্বশর্ত হিসেবে দেখছে কেন্দ্রীয় ব্যাংক।
চলমান সংস্কার কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করছে সংস্থাটি।
সংস্কার কার্যক্রমের অংশ হিসেবে সাময়িক তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে জরুরি ভিত্তিতে তারল্য সহায়তা ও গ্যারান্টি দেওয়া হয়েছে। এর মাধ্যমে আমানতকারীদের স্বার্থ সুরক্ষার পাশাপাশি ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব ব্যাংকে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করতে পরিচালনা পর্ষদ পুনর্গঠন, স্বতন্ত্র ও উপযুক্ত পরিচালক নিয়োগ এবং প্রয়োজনীয় ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা পরিবর্তনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংক আরও জানায়, ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ফিরিয়ে আনতে পৃথক পুনরুদ্ধার ও পুনর্গঠন পরিকল্পনা তৈরি করা হয়েছে। এসব পরিকল্পনায় প্রয়োজনীয় পুনঃমূলধনীকরণ, আর্থিক ও প্রাতিষ্ঠানিক পুনর্গঠন, করপোরেট সুশাসন জোরদার এবং পুরোনো খেলাপি ঋণ ও ঝুঁকিপূর্ণ সম্পদ ব্যবস্থাপনার বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আগামী চার বছরে পর্যায়ক্রমে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
দীর্ঘ মেয়াদে ব্যাংক খাতকে আরও সক্ষম ও ঝুঁকি মোকাবিলায় শক্তিশালী করতে আমানত সুরক্ষা ব্যবস্থা জোরদার, খেলাপি ঋণ আদায়ে কার্যকর উদ্যোগ এবং ঋণ বিতরণ ও ঝুঁকি ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, আর্থিক খাতের প্রয়োজনীয় নীতিগত ও কাঠামোগত সংস্কার করা হবে। জরুরি সহায়তা ব্যবস্থাগুলোও পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের আশা, আগামী চার বছরে এসব সংস্কার পরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যাংকিং খাত আরও স্থিতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে আর্থিক খাতের প্রতি মানুষের আস্থা বাড়বে এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাংক খাত আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ব্যাংকিং খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় বাস্তবভিত্তিক সংস্কার, কার্যকর তদারকি, সুশাসন এবং সংশ্লিষ্ট অংশীজনের সহযোগিতা জরুরি। আমানতকারীদের স্বার্থ সুরক্ষা, ব্যাংকিং কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং আর্থিক ব্যবস্থার স্থিতিশীলতা নিশ্চিত করাই বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ অগ্রাধিকার।
এ ছাড়া, জনসাধারণকে গুজব বা অসমর্থিত তথ্যে বিভ্রান্ত না হয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য বাংলাদেশ ব্যাংকের আনুষ্ঠানিক ঘোষণা ও তথ্যসূত্র অনুসরণের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
Leave a Reply