নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। টানা কয়েক দফা দরপতনের ফলে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকায় দাঁড়িয়েছে। এর মধ্য দিয়ে প্রায় ১৩ মাস পর দেশের বাজারে সোনার ভরির দাম ২ লাখ টাকার নিচে নামল।
শনিবার (২১ নভেম্বর) রাতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোনার নতুন দাম ঘোষণা করে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এর আগে এই মানের সোনার দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়েছে। মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দরপতনের প্রভাব পড়েছে দেশের বাজারে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ৮৯০ টাকা কমিয়ে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৫ হাজার ১৫ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির সোনার দাম ভরিতে ৪ হাজার ৪৯১ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে সর্বশেষ ২০২৫ সালের অক্টোবরে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৯৪ হাজার টাকার পর্যায়ে ছিল। এরপর আন্তর্জাতিক বাজারের ঊর্ধ্বগতির প্রভাবে দেশের বাজারেও কয়েক দফায় সোনার দাম বাড়ে। একপর্যায়ে প্রতি ভরি সোনার দাম ২ লাখ টাকা ছাড়িয়ে যায়।
নয় দফায় কমল ৩৪ হাজার ৬৯০ টাকা: সাম্প্রতিক সময়ে দেশের বাজারে ধারাবাহিকভাবে সোনার দাম কমছে। বাজুসের হিসাব অনুযায়ী, সর্বশেষ নয় দফায় প্রতি ভরি সোনার দাম মোট ৩৪ হাজার ৬৯০ টাকা কমানো হয়েছে।
এর মধ্যে গত শুক্রবার এক দফায় ভরিতে সর্বোচ্চ ১০ হাজার ৯৫৪ টাকা কমানো হয়। এর আগে ১৯ নভেম্বর ৩ হাজার ২৬৬ টাকা, ১৮ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা এবং ১৪ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছিল।
এ ছাড়া ১৩ নভেম্বর ২ হাজার ১৫৮ টাকা, ১২ নভেম্বর ২ হাজার ২১৬ টাকা, ১১ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা এবং ৬ নভেম্বর ২ হাজার ৭৪১ টাকা কমানো হয়। সব মিলিয়ে অল্প সময়ের ব্যবধানে সোনার বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনা ও রুপার দাম কমার পেছনে মূলত দুটি কারণ কাজ করছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে—বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান।
সাধারণত ডলারের দর বাড়লে এবং সুদের হার বৃদ্ধির প্রত্যাশা তৈরি হলে স্বর্ণের মতো মূল্যবান ধাতুর ওপর বিনিয়োগের আকর্ষণ কমে যায়। এতে আন্তর্জাতিক বাজারে সোনার দামে নিম্নমুখী চাপ তৈরি হয়।
বিশ্ববাজারে সোনার দাম কমার প্রভাব পড়ছে দেশের বাজারেও। ফলে কয়েক সপ্তাহের ব্যবধানে দেশের ক্রেতাদের জন্য সোনা কেনার খরচ উল্লেখযোগ্যভাবে কমেছে।
তবে আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং ডলারের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে আগামী দিনগুলোতে দেশের সোনার বাজারের দামের ওঠানামা অব্যাহত থাকতে পারে।
Leave a Reply