1. baiozidkhan@gmail.com : admin_bizp :
স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর - Business Protidin
শিরোনাম :
স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর কৃষি যন্ত্রপাতি কিনতে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ, নতুন নীতিমালা জারি শেয়ারবাজারে টি+১ চালু হচ্ছে আগামী ৪ জানুয়ারি সম্পদের চেয়ে দায় বেশি আজিজ পাইপসের, দুই ব্যাংকের দাবি ১০৬ কোটি টাকা জীবনবীমায় গ্রাহক বাড়ানোর কৌশল: আস্থা, সুশাসন ও সময়মতো দাবি পরিশোধ ন্যাশনাল লাইফ ও ডিআরইউর মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা, আসছে নতুন চার ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রজেক্টে নতুন বীমাকর্মীদের যোগদান

স্বর্ণ-রৌপ্য-পাম তেল দিয়ে কমোডিটি বাজার চালুর প্রস্তুতি সিএসইর

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর প্রস্তুতি নিচ্ছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে এ এক্সচেঞ্জের লেনদেনের আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম তেল এবং দ্বিতীয় ধাপে ধান, ভুট্টা ও তুলা নিয়ে লেনদেন শুরু হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকায় ক্রাউন প্লাজা হোটেলের সেলেস্টিয়াল বলরুমে ‘কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ : আনলকিং আ নিউ ফিন্যান্সিয়াল মার্কেট স্ট্রাকচার’ শীর্ষক প্রাক্‌-উদ্বোধনী প্রচারাভিযান অনুষ্ঠানে এ তথ্য জানায় সিএসই।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদার) তানভির শাহরিয়ার গনি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।

অনুষ্ঠানে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার বলেন, বাংলাদেশের প্রথম কমোডিটি এক্সচেঞ্জ চালুর জন্য প্রয়োজনীয় প্রযুক্তিগত অবকাঠামো ও নিয়ন্ত্রক কাঠামো তৈরির কাজ সম্পন্ন হয়েছে। প্রাথমিকভাবে ছয়টি পণ্যকে দুই ধাপে লেনদেনের জন্য নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি, আমদানিনির্ভরতা, দেশীয় উৎপাদন ও ভোগের পরিমাণ এবং পণ্যের বাজারমূল্যের ওঠানামা বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে। কমোডিটি এক্সচেঞ্জ চালুর মূল লক্ষ্য পণ্যের মূল্যঝুঁকি নিয়ন্ত্রণ, বাজারে স্বচ্ছতা বৃদ্ধি, ঝুঁকি ব্যবস্থাপনা জোরদার এবং ব্রোকার ও বিনিয়োগকারীদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি করা।

বিশেষ অতিথির বক্তব্যে বিএসইসির চেয়ারম্যান মাসুদ খান বলেন, বাংলাদেশের পুঁজিবাজারের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। সিএসইতে প্রাথমিকভাবে নগদ নিষ্পত্তি পদ্ধতিতে স্বর্ণ, রৌপ্য ও অপরিশোধিত পাম তেল নিয়ে পণ্যভিত্তিক ডেরিভেটিভস লেনদেন শুরু করার প্রস্তুতি নেওয়া হয়েছে। তিনি বলেন, এ উদ্যোগের মাধ্যমে পুঁজিবাজারের কার্যক্রম শেয়ার ও বন্ডের গণ্ডি পেরিয়ে আরও বিস্তৃত হবে। পাশাপাশি পণ্যগুলোর জন্য মানদণ্ডভিত্তিক মূল্য নির্ধারণের সুযোগ তৈরি হবে। তবে এ বাজারের সফলতার জন্য বিনিয়োগকারীদের শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি, শক্তিশালী মার্কেট মেকার তৈরি এবং ব্রোকারদের প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা জরুরি।

মাসুদ খান আরও বলেন, ডেরিভেটিভস বাজারের বিকাশ একটি ধীর ও ধারাবাহিক প্রক্রিয়া। এ ক্ষেত্রে ধৈর্য, সতর্কতা ও দূরদর্শিতা প্রয়োজন। নতুন এ বাজারের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে বিএসইসি ও সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

অনুষ্ঠানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই গোল্ড অ্যান্ড কমোডিটিজ এক্সচেঞ্জ (ডিজিসিএক্স), ভারতের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান এবং ইন্দোনেশিয়া পাম অয়েল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা কমোডিটি বাজারের অভিজ্ঞতা ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন। এদিকে কমোডিটি ডেরিভেটিভস বাজারের উন্নয়ন ও পারস্পরিক সহযোগিতা জোরদারে সিএসই এবং ডিজিসিএক্সের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এতে ডিজিসিএক্সের উপপ্রধান নির্বাহী কর্মকর্তা নাগেন্দ্রকুমার এবং সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকের মাধ্যমে দুই প্রতিষ্ঠানের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তিগত দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বিশেষ করে সংযুক্ত আরব আমিরাতের কমোডিটি ডেরিভেটিভস বাজারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাজার উন্নয়ন এবং আন্তর্জাতিক উত্তম চর্চা অনুসরণে একযোগে কাজ করবে প্রতিষ্ঠান দুটি।

অনুষ্ঠানে সিএসইর চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান সমাপনী বক্তব্য দেন। তিনি বলেন, আন্তর্জাতিক পণ্যমূল্যের ওঠানামার কারণে বাংলাদেশের ব্যবসাপ্রতিষ্ঠানগুলো বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়ছে। এসব ঝুঁকি মোকাবিলায় কমোডিটি ডেরিভেটিভস এক্সচেঞ্জ প্রতিষ্ঠার উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বাজার চালুর লক্ষ্যে প্রযুক্তিগত অবকাঠামো উন্নয়ন, বাজার প্রস্তুতি ও সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ততায় অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com