1. baiozidkhan@gmail.com : admin_bizp :
৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট - Business Protidin

৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

বাণিজ্য ডেস্ক: আবারও বড় অঙ্কের অর্থ দান করার ঘোষণা দিলেন বিখ্যাত মার্কিন বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রায় ৫৪৭ কোটি ডলারের শেয়ার চারটি দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছেন তিনি। এসব সংস্থার নেতৃত্বে আছেন তাঁর তিন সন্তান। তথ্য সূত্র: রয়টার্স

গতকাল সোমবার দেওয়া এক বিবৃতিতে বাফেট এ ঘোষণা দেন। একই সঙ্গে জানান, ৬০ বছর ধরে গড়ে তোলা ব্যবসাপ্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের ভবিষ্যৎ নিয়ে তাঁর আস্থা আগের মতোই অটুট।

বার্কশায়ারের শেয়ারহোল্ডার উদ্দেশে বার্ষিক ধন্যবাদ জ্ঞাপন বার্তায় ৯ কোটি ২২ লাখ ৫০ হাজার ক্লাস বি শেয়ার দানের কথা জানান ৯৬ বছর বয়সী বাফেট। চারটি সংস্থা হলো সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন, শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন ও নোভো ফাউন্ডেশন।

এই দানের পর তাঁর সন্তানদের নেতৃত্বাধীন এসব দাতব্য সংস্থায় বার্কশায়ারের দানের পরিমাণ দাঁড়াবে মোট ২ হাজার ৯০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার। বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটারের বয়স যথাক্রমে ৭৩, ৭১ ও ৬৮ বছর। তবে এখনো বার্কশায়ারের প্রায় ১৩ শতাংশ শেয়ারের মালিকানা বাফেটের হাতে।

শুধু নিজের পরিবারের দাতব্য সংস্থায় নয়, বাইরের প্রতিষ্ঠানেও দান করেছেন বাফেট। ২০০৬ সাল থেকে বিল গেটস ফাউন্ডেশনে বার্কশায়ারের ৪ হাজার ৭০০ কোটি ডলারের বেশি মূল্যের শেয়ার দান করেছেন বাফেট। তবে গত বছর এই দান বন্ধ করে দেন তিনি। বিল গেটসের সঙ্গে প্রয়াত অর্থলগ্নিকারী ও যৌন অপরাধী জেফরি এপস্টিনের সম্পর্কের তথ্য প্রকাশ্যে আসার পর এ সিদ্ধান্ত নেন বাফেট। যদিও এপস্টিনের সঙ্গে সম্পর্ক রাখার জন্য একাধিকবার অনুশোচনা করেছেন গেটস।

বার্কশায়ার হ্যাথাওয়ের চেয়ারম্যান ইমেরিটাস হিসেবে দায়িত্ব পালন করছেন বাফেট। সাধারণত কোম্পানির প্রতিষ্ঠাতা, বড় কর্তা ও পরিচালকদের দীর্ঘদিনের অবদান ও প্রভাবের স্বীকৃতি হিসেবে এ সম্মানসূচক পদ দেওয়া হয়। অর্থাৎ তাঁরা অবসর নিলে এই পদ দেওয়া হয়। ২০২৫ সালের শেষ দিকে প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়েন বাফেট। গত সেপ্টেম্বরে চেয়ারম্যানের পদ থেকেও সরে দাঁড়ান তিনি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে প্রধান নির্বাহীর দায়িত্ব নেন গ্রেগ অ্যাবেল। এ ছাড়া বার্কশায়ারের নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান হন হাওয়ার্ড বাফেট।

সর্বশেষ দানের আগে ফোর্বসের হিসাবে ওয়ারেন বাফেটের সম্পদের পরিমাণ ছিল ১৬ হাজার ৮৪০ কোটি ডলার। বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় তাঁর অবস্থান ছিল সপ্তম। বিশ্বের অন্যতম সফল বিনিয়োগকারী হিসেবে পরিচিত বাফেট শেয়ারহোল্ডারদের বলেছেন, বার্কশায়ারের ভবিষ্যৎ নিয়ে তিনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি আশাবাদী। প্রতিষ্ঠানটির নতুন প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেল তাঁর প্রত্যাশা ছাড়িয়ে গেছেন।

গতকালের বার্তায় বাফেট লিখেছেন, ‘এই আস্থা আগের মতোই অটুট।’

গত জুলাইয়ে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে বিল গেটসের সঙ্গে এপস্টিনের সম্পর্ককে ‘অরুচিকর’ বলে মন্তব্য করেছিলেন বাফেট। তবে সন্তানদের বয়স বাড়ছে এবং তাঁরা বাবার সম্পদ দাতব্য কাজে ব্যবহারের জন্য প্রস্তুত হচ্ছেন—এ বিবেচনায় পারিবারিক দাতব্য সংস্থাগুলোর দিকে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ২০৩৪ সালের মধ্যে অঙ্গীকার অনুযায়ী সব শেয়ার দান করে দিতে চান বাফেট।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com