1. baiozidkhan@gmail.com : admin_bizp :
প্রেফারেন্স শেয়ারে অনিয়ম ঠেকাতে গাইডলাইন করছে বিএসইসি - Business Protidin
শিরোনাম :
প্রোটেক্টিভ লাইফ ও প্রাইজোলের মধ্যে গ্রুপ স্বাস্থ্যবিমা চুক্তি ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ৩২.১৭ শতাংশই খেলাপি প্রেফারেন্স শেয়ারে অনিয়ম ঠেকাতে গাইডলাইন করছে বিএসইসি ৩ হাজার কোটি টাকার সুকুক নিলামে তুলছে সরকার ভেষজ ওষুধ উৎপাদনে নতুন কোম্পানি করবে বেক্সিমকো ফার্মা মুনাফা বাড়লেও লভ্যাংশ দেবে না স্কয়ার হাসপাতাল তালিকাভুক্তসহ বিভিন্ন কোম্পানির জন্য বাধ্যতামূলক হচ্ছে টেকসই প্রতিবেদন প্রান্তিক জনগোষ্ঠীকে জামানত ছাড়াই ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেবে ব্যাংক সিএফও নিয়োগে বিনিয়োগ করুন, রাতারাতি পরিবর্তন দেখবেন: আইডিআরএ চেয়ারম্যান ৮২ বীমা কোম্পানির জন্য ৮২ জন এফসিএ কোথায় পাবে: বিআইএ প্রেসিডেন্ট

প্রেফারেন্স শেয়ারে অনিয়ম ঠেকাতে গাইডলাইন করছে বিএসইসি

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: প্রেফারেন্স শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহের পর অল্প সময়ের মধ্যে তা সাধারণ শেয়ারে রূপান্তরের মাধ্যমে উদ্যোক্তা-পরিচালকদের সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে দেশের পুঁজিবাজারে। এ ধরনের অনিয়ম বন্ধে প্রেফারেন্স শেয়ার ইস্যু, সাধারণ শেয়ারে রূপান্তর, মূল্য নির্ধারণ ও লকইন-সংক্রান্ত বিষয়ে পৃথক গাইডলাইন তৈরির উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বর্তমানে প্রেফারেন্স শেয়ার ইস্যু ও রূপান্তরের বিষয়ে পূর্ণাঙ্গ নির্দেশনা না থাকায় কোম্পানিগুলো নিজেদের সুবিধামতো বিভিন্ন শর্ত নির্ধারণের সুযোগ পায়। এতে অনেক ক্ষেত্রে উদ্যোক্তা-পরিচালকেরা লাভবান হলেও ক্ষতিগ্রস্ত হন সাধারণ বিনিয়োগকারীরা। এমন পরিস্থিতিতে এ ধরনের শেয়ার ইস্যু ও ব্যবস্থাপনায় স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে নতুন গাইডলাইন প্রণয়নের কাজ করছে নিয়ন্ত্রক সংস্থাটি।

বিএসইসির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, প্রেফারেন্স শেয়ার ইস্যুর ক্ষেত্রে বর্তমানে সুনির্দিষ্ট কোনো গাইডলাইন নেই। ফলে কত দিন পর এসব শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করা যাবে, রূপান্তরের সময় মূল্য কীভাবে নির্ধারণ হবে, রূপান্তরের পর শেয়ারে লকইন থাকবে কি না এবং বিনিয়োগকারীর পরিচয় প্রকাশ করতে হবে কি না—এসব বিষয়ে স্পষ্ট বিধান থাকা প্রয়োজন। এসব বিষয় বিবেচনায় নিয়ে গাইডলাইন তৈরির কাজ চলছে।

ওই কর্মকর্তা আরও জানান, গাইডলাইন তৈরির কাজ শেষ হলে তা কমিশন সভায় উপস্থাপন করা হবে। চলতি নভেম্বরেই এটি কমিশন সভায় উঠতে পারে। সভায় অনুমোদন পেলে নীতিমালাটি ঘোষণা করা হবে।

প্রস্তাবিত গাইডলাইনে কী ধরনের বিধান রাখা হচ্ছে, তা এখনো চূড়ান্তভাবে জানা যায়নি। তবে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন, অতীতে প্রেফারেন্স শেয়ার ইস্যু ও রূপান্তরকে কেন্দ্র করে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেগুলো বিবেচনায় নিয়ে নতুন শর্ত নির্ধারণ করা জরুরি। পাশাপাশি আগে ইস্যু করা প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ কীভাবে কার্যকর হবে, তা স্পষ্ট করা প্রয়োজন।

প্রেফারেন্স শেয়ার নিয়ে অনিয়মের অভিযোগ অবশ্য নতুন নয়। ২০১১ সালের পুঁজিবাজার ধসের কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনেও এ বিষয়ে বিস্তারিত পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছিল। ওই প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১০ সালে আটটি তালিকাভুক্ত কোম্পানি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে পুঁজিবাজার থেকে ১ হাজার ১৮২ কোটি টাকা সংগ্রহ করে। এসব কোম্পানির মধ্যে ছিল বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, আফতাব অটোমোবাইলস ও পিপলস লিজিং।

তদন্ত কমিটির পর্যবেক্ষণে বলা হয়েছিল, সে সময় প্রেফারেন্স শেয়ার ইস্যুর বিষয়ে সুনির্দিষ্ট সিকিউরিটিজ আইন না থাকায় কোম্পানিগুলো নিজেদের সুবিধামতো শর্ত নির্ধারণ করে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিত। এতে উদ্যোক্তা-পরিচালকদের বাড়তি সুবিধা নেওয়ার সুযোগ তৈরি হয়। এমনকি সামিট পাওয়ার ও পিপলস লিজিং মাত্র এক মাস মেয়াদি প্রেফারেন্স শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহ করেছিল। আন্তর্জাতিক চর্চার তুলনায় এত স্বল্প মেয়াদে এ ধরনের শেয়ার ইস্যু অস্বাভাবিক বলেও উল্লেখ করেছিল তদন্ত কমিটি।

প্রতিবেদনে আরও বলা হয়, কয়েকটি কোম্পানি রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ারের অনুপাত এমনভাবে নির্ধারণ করেছিল, যাতে উদ্যোক্তা-পরিচালকেরা লাভবান হন। বিনিয়োগকারীদের স্বার্থ কিংবা পুঁজিবাজারের আস্থা পুনরুদ্ধারের চেয়ে কোম্পানির নিজস্ব স্বার্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। ফলে মূলধন সংগ্রহের বৈধ একটি পদ্ধতি যথাযথ নিয়ন্ত্রণ ও স্বচ্ছতার অভাবে উদ্যোক্তা-পরিচালকদের সুবিধা নেওয়ার হাতিয়ারে পরিণত হয়েছিল।

সাধারণ শেয়ারের তুলনায় প্রেফারেন্স শেয়ারধারীরা সাধারণত লভ্যাংশ পাওয়া এবং কোম্পানি অবসায়নের পর সম্পদ বণ্টনের ক্ষেত্রে অগ্রাধিকার পান। তবে ইস্যুর শর্ত অনুযায়ী এসব শেয়ারের ধরন ও অধিকার ভিন্ন হতে পারে। কোনো প্রেফারেন্স শেয়ার নির্দিষ্ট সময় পর সাধারণ শেয়ারে রূপান্তরযোগ্য, আবার কোনোটি নির্দিষ্ট মেয়াদ শেষে অর্থ ফেরতের শর্তে ইস্যু করা হয়।

বিএসইসির ‘পাবলিক অফার অব ইক্যুইটি সিকিউরিটিজ রুলস, ২০২৫’-এ পাবলিক অফারের মাধ্যমে পুঁজিবাজারে আসতে চাওয়া কোম্পানির রূপান্তরযোগ্য ও অ-রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ারের বিষয়ে কিছু শর্ত রয়েছে। রূপান্তরযোগ্য সিকিউরিটিজের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সাধারণ শেয়ারে রূপান্তর এবং অ-রূপান্তরযোগ্য প্রেফারেন্স শেয়ারের ক্ষেত্রে প্রসপেক্টাসে বিস্তারিত তথ্য প্রকাশের বিধান রয়েছে। তবে এসব বিধান সব ধরনের প্রেফারেন্স শেয়ার ইস্যু ও রূপান্তরের ক্ষেত্রে পূর্ণাঙ্গ নির্দেশনা দেয় না।

সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, প্রেফারেন্স শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তরের অনুপাত ও মূল্য নির্ধারণে স্বচ্ছতা না থাকলে বিদ্যমান শেয়ারহোল্ডারদের স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে পারে। কম দামে বা সুবিধাজনক অনুপাতে এসব শেয়ার সাধারণ শেয়ারে রূপান্তর করা হলে সংশ্লিষ্ট বিনিয়োগকারীর মালিকানার অংশ বেড়ে যায়। একই সঙ্গে কোম্পানির মোট শেয়ারসংখ্যা বাড়ায় আগের সাধারণ শেয়ারহোল্ডারদের মালিকানার অনুপাত কমে যায়।

তাই প্রেফারেন্স শেয়ার ইস্যুর ক্ষেত্রে রূপান্তরের সময়সীমা, মূল্য নির্ধারণের পদ্ধতি, বিনিয়োগকারীর পরিচয় প্রকাশ এবং লকইনের শর্ত বাধ্যতামূলকভাবে নির্ধারণ করা প্রয়োজন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তাঁদের মতে, নতুন গাইডলাইন কার্যকর হলে প্রেফারেন্স শেয়ারকে কেন্দ্র করে অনিয়মের সুযোগ কমার পাশাপাশি পুঁজিবাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষিত হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com