নিজস্ব প্রতিবেদক: বিনিয়োগকারীদের জন্য ঘোষণা করা লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ না করায় পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০টি কোম্পানির ৫০ পরিচালক ও কর্মকর্তাকে মোট ২৯ কোটি ২৩ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ছয় পরিচালককে। তাঁদের প্রত্যেককে ২ কোটি ৩৫ লাখ টাকা করে মোট ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গত ৪ নভেম্বর কমিশনার নাহিদ মাহতাব স্বাক্ষরিত আদেশে এ জরিমানা করা হয়। আদেশের সত্যায়িত কপি ৮ নভেম্বর সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে পাঠানো হয়েছে।
জরিমানার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। কোম্পানিটির চার পরিচালককে ১ কোটি ৯১ লাখ টাকা করে মোট ৭ কোটি ৬৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বিডি পেইন্টসের তিন পরিচালককে ৯৭ লাখ টাকা করে মোট ২ কোটি ৯১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এ ছাড়া ওরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজের চার পরিচালককে ৪৭ লাখ টাকা করে মোট ১ কোটি ৮৮ লাখ টাকা, কৃষিবিদ সিডের সাত পরিচালককে ১০ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা এবং সাফকো স্পিনিং মিলসের তিন পরিচালককে ২০ লাখ টাকা করে মোট ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
প্যাসিফিক ডেনিমস ও মামুন এগ্রো প্রডাক্টসের চার পরিচালককে ১৩ লাখ টাকা করে মোট ৫২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অ্যাডভেন্ট ফার্মার সাত পরিচালককে ৪ লাখ টাকা করে মোট ২৮ লাখ টাকা এবং জেনেক্স ইনফোসিসের আট পরিচালক ও কর্মকর্তাকে ১ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসইসির আদেশ অনুযায়ী, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ঘোষিত নগদ লভ্যাংশ নির্ধারিত সময়ে পরিশোধ করেনি নয়টি কোম্পানি। নিয়ম অনুযায়ী, লভ্যাংশ ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে সংরক্ষণ এবং বার্ষিক সাধারণ সভায় (এজিএম) অনুমোদনের ৩০ দিনের মধ্যে বিনিয়োগকারীদের পরিশোধ করার বাধ্যবাধকতা রয়েছে। এ নিয়ম লঙ্ঘনকে সিকিউরিটিজ আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছে কমিশন।
বিএসইসি বলছে, কোম্পানিগুলো ডিপজিটরি প্রবিধানমালা, ২০০৩-এর প্রবিধান ৪৭, ২০২১ সালের ১৪ জানুয়ারির নির্দেশনা এবং ডিএসই লিস্টিং প্রবিধানমালা, ২০১৫-এর বিধান লঙ্ঘন করেছে। কয়েকটি কোম্পানির ক্ষেত্রে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ, ১৯৬৯-এর সংশ্লিষ্ট ধারাও লঙ্ঘিত হয়েছে।
২০২৪ সালের ২৪ এপ্রিল নয়টি কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিএসইসির এনফোর্সমেন্ট বিভাগ। একই বছরের মে থেকে জুলাই পর্যন্ত শুনানিতে কোম্পানিগুলো ডলার ও তারল্যসংকট, এলসি জটিলতা, কাঁচামালের মূল্যবৃদ্ধি এবং ব্যাংকিং সীমাবদ্ধতার কথা তুলে ধরে। তবে এসব ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করেনি কমিশন।
পরবর্তী সময়ে ২০২৪ সালের ৭ নভেম্বর কমিশনের ৯৩০তম সভায় সিদ্ধান্ত হয়, সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে ১৫ ডিসেম্বরের মধ্যে অপরিশোধিত লভ্যাংশ বিতরণ করতে হবে। অন্যথায় স্বতন্ত্র পরিচালক ছাড়া অন্য পরিচালকদের জরিমানা করা হবে। অ্যাডভেন্ট ফার্মার ক্ষেত্রে একই সিদ্ধান্ত নেওয়া হয় ৯২৯তম সভায়।
শুনানিতে অ্যাসোসিয়েটেড অক্সিজেন জানায়, ঘোষিত ৬ কোটি ৪৮ লাখ ৬২ হাজার ৮৫০ টাকার লভ্যাংশের মধ্যে ৫ কোটি ২৩ লাখ ৭৬ হাজার ৯৪৭ টাকা পরিশোধ করা হয়েছে। ওরিজা এগ্রোর দাবি, প্রায় ২ কোটি ৮০ লাখ ৫৭ হাজার টাকা পরিশোধ করা হয়েছে। কৃষিবিদ সিড জানিয়েছে, তাদের ঘোষিত লভ্যাংশের ৯৮ দশমিক ৮ শতাংশ বিতরণ করা হয়েছে। বাকি অংশ উত্তরাধিকারীদের প্রয়োজনীয় কাগজপত্র না পাওয়ায় আটকে রয়েছে।
অন্যদিকে লুব-রেফ জানিয়েছে, কাঁচামাল আমদানি স্থবির হয়ে পড়ায় লভ্যাংশের জন্য সংরক্ষিত অর্থ দৈনন্দিন ব্যয়ে ব্যবহার করতে হয়েছে।
জেনেক্স ইনফোসিসের ক্ষেত্রে অভিযোগটি ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের ৩ শতাংশ নগদ লভ্যাংশ নিয়ে। কোম্পানিটি পরবর্তী সময়ে সব লভ্যাংশ পরিশোধের দাবি করলেও কমিশন তাদের ব্যাখ্যা গ্রহণ করেনি।
জেনেক্স ছাড়া বাকি নয় কোম্পানির পরিচালকেরা জরিমানা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। তাঁদের ব্যক্তিগত দায় হিসেবে এ অর্থ পরিশোধ করতে হবে। জেনেক্সকে আদেশের ৩০ দিনের মধ্যে জরিমানার অর্থ জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কমিশন।
Leave a Reply