নিজস্ব প্রতিবেদক: কৃষি যন্ত্রপাতি কেনার মোট মূল্যের ৭০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত ঋণ দিতে পারবে ব্যাংক। বাকি ২০ থেকে ৩০ শতাংশ অর্থ নিজস্ব তহবিল থেকে দিতে হবে কৃষক বা ক্রেতাকে।
২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লি ঋণ নীতিমালায় এ সুযোগ যুক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ বিষয়ে নতুন নির্দেশনা জারি করা হয়।
নতুন নীতিমালা অনুযায়ী, ট্রাক্টর, কম্বাইন্ড হারভেস্টার, পাওয়ার টিলার, রিপার, ধান মাড়াইযন্ত্র ও বিভিন্ন সেচযন্ত্র কেনার জন্য ঋণ পাওয়া যাবে। ক্ষুদ্র, প্রান্তিক, ভূমিহীন কৃষক ও কৃষি যন্ত্রপাতির বাণিজ্যিক সেবাদাতারাও এ সুবিধার আওতায় থাকবেন। তবে ঋণখেলাপিরা এ ঋণ পাবেন না।
এ ছাড়া কৃষিপণ্য সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বাজারজাতকরণ, আধুনিক প্রযুক্তিনির্ভর চাষাবাদ এবং জলবায়ু সহনশীল কৃষি কার্যক্রমেও ঋণ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নীতিমালায় কৃষি ঋণের ৫৫ শতাংশ শস্য ও ফসল উৎপাদনে, ১৩ শতাংশ মৎস্য খাতে, ২০ শতাংশ প্রাণিসম্পদ খাতে এবং ২ শতাংশ সেচ ও কৃষি যন্ত্রপাতি খাতে বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের কাছে সহজে ঋণ পৌঁছাতে ইউনিয়ন পর্যায়ে প্রকাশ্যে ঋণ বিতরণের নির্দেশও দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এছাড়া, নতুন নীতিমালায় কৃষি মূল্য শৃঙ্খল বা অ্যাগ্রিকালচারাল ভ্যালু চেইন, প্রিসিশন এগ্রিকালচার এবং ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার বিষয়ে তিনটি নতুন অনুচ্ছেদ সংযোজন করা হয়েছে।
কৃষিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতেও উদ্যোগ নেওয়া হয়েছে। সোলার পাম্প স্থাপনের মাধ্যমে সেচব্যবস্থা গড়ে তুলতে বিতরণ করা ঋণ কৃষিঋণ হিসেবে গণ্য হবে। পাশাপাশি পরিবেশবান্ধব জৈব সার ব্যবহার করে ফসল উৎপাদন বাড়ানোর লক্ষ্যে জৈব সার উৎপাদন ও বিতরণ খাতেও ঋণ দেওয়ার সুযোগ রাখা হয়েছে।
কৃষি ও পল্লীঋণ নীতিমালা বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনায় ব্যাংকগুলোকে নির্ধারিত ছকে প্রতিবেদন তৈরি করতে হবে। পরবর্তী অর্থবছরের জুলাই মাসের মধ্যে এসব প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।
কৃষিঋণ বিতরণ ও আদায় কার্যক্রম তদারকি, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানো, টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতেই নতুন নীতিমালায় এসব পরিবর্তন আনা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
Leave a Reply