নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের লোকসান, বিপুল ব্যাংকঋণ ও উৎপাদন বন্ধ থাকায় অস্তিত্বসংকটে পড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আজিজ পাইপস লিমিটেড। কোম্পানিটির সম্পদের চেয়ে দায় বেশি। গত ৩০ জুন শেষে শেয়ারহোল্ডারদের নিট সম্পদ ঋণাত্মক ২৭ কোটি ৩৩ লাখ টাকা। আর পুঞ্জীভূত লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬২ কোটি টাকা। এর মধ্যে প্রায় আড়াই বছর ধরে বন্ধ রয়েছে কোম্পানিটির উৎপাদন কার্যক্রম।
কোম্পানিটির ২০২৫-২৬ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে। প্রতিবেদন নিরীক্ষা করেছে অনিল সালাম ইদ্রিস অ্যান্ড কোং। নিরীক্ষক কোম্পানিটির আর্থিক অবস্থা, সম্পদের প্রকৃত মূল্য এবং ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত আজিজ পাইপসের পুঞ্জীভূত লোকসান দাঁড়িয়েছে ৬১ কোটি ৮৬ লাখ টাকা। এতে কোম্পানিটির শেয়ারহোল্ডারদের ইকুইটি বা নিট সম্পদ ঋণাত্মক ২৭ কোটি ৩২ লাখ ৬৯ হাজার টাকা হয়েছে। অর্থাৎ কোম্পানিটির মোট দায় সম্পদের চেয়ে বেশি।
কোম্পানিটির সম্পদের প্রকৃত মূল্য নিয়েও প্রশ্ন তুলেছেন নিরীক্ষক। প্রতিবেদনে বলা হয়েছে, আজিজ পাইপসের স্থায়ী সম্পদের অস্তিত্ব, মালিকানা ও আর্থিক প্রতিবেদনে দেখানো মূল্য যথাযথভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে কোম্পানিটির প্রকৃত সম্পদের পরিমাণ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
আজিজ পাইপসের ব্যাংকঋণের হিসাবেও বড় ধরনের পার্থক্য রয়েছে। কোম্পানির হিসাব অনুযায়ী, উত্তরা ব্যাংকের কাছে দীর্ঘমেয়াদি ও ব্লক ঋণ মিলিয়ে পাওনা ২২ কোটি ৮৯ লাখ টাকা। তবে ব্যাংকটি ২০১৮ সালের ৩১ জুলাই পর্যন্ত সুদসহ ৭২ কোটি ৫১ লাখ টাকা দাবি করে মামলা করেছে।
অন্যদিকে ডাচ্-বাংলা ব্যাংকের কাছে কোম্পানিটির ঋণ ৭ কোটি ৫০ লাখ টাকা। তবে ব্যাংকটি ২০২২ সালের ২০ অক্টোবর পর্যন্ত ৩৪ কোটি ৬ লাখ টাকা দাবি করে মামলা করেছে।
এ হিসাবে দুই ব্যাংকের মোট দাবি ১০৬ কোটি ৫৭ লাখ টাকা। বিপরীতে কোম্পানির হিসাবে ব্যাংক দুটির কাছে ঋণের পরিমাণ ৩০ কোটি ৩৯ লাখ টাকা। দুই পক্ষের হিসাবের ব্যবধান ৭৬ কোটি টাকার বেশি। এই অতিরিক্ত দাবির বিপরীতে কোনো সঞ্চিতিও রাখেনি কোম্পানিটি।
নিরীক্ষা প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০১৯ সালে ব্যাংক দুটির সঙ্গে সমঝোতা চুক্তি করে ৫ কোটি ৩ লাখ টাকা পরিশোধ করেছিল আজিজ পাইপস।
কোম্পানিটির পাওনা আদায়ের অবস্থাও নাজুক। গত ৩০ জুন পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে পাওনা ছিল ২ কোটি ৭২ লাখ টাকা। এর মধ্যে ১ কোটি ৫৩ লাখ টাকা এক বছরের বেশি সময় ধরে অনাদায়ি রয়েছে। এসব পাওনার বিপরীতে কোনো সঞ্চিতি রাখেনি কোম্পানিটি।
এ ছাড়া অগ্রিম ও জামানত হিসাবে ১ কোটি ৭২ লাখ টাকা দেখিয়েছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে সাধারণ অগ্রিম ও কর্মীদের অগ্রিম বাবদ ২৬ লাখ টাকা করে রয়েছে। এসব অগ্রিমের একটি অংশ দীর্ঘদিন ধরে সমন্বয় করা হয়নি।
মজুদ পণ্যের হিসাব নিয়েও নিরীক্ষকের আপত্তি রয়েছে। গত ৩০ জুন কোম্পানিটির মজুদ পণ্যের পরিমাণ ছিল ১ কোটি ৭৩ লাখ টাকা। এর মধ্যে কাঁচামাল ১ কোটি ৩৫ লাখ এবং প্রস্তুত পণ্য ৩৮ লাখ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মজুদের পরিমাণ ছিল ১ কোটি ৯৪ লাখ টাকা। মজুদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন অবিক্রীত থাকায় এসব পণ্যের প্রকৃত বিক্রয়যোগ্য মূল্য নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিরীক্ষক।
আড়াই বছর ধরে বন্ধ কারখানা: আর্থিক সংকটের কারণে কোম্পানিটির উৎপাদন কার্যক্রমও বন্ধ রয়েছে। চলতি মূলধনের অভাব এবং বাকিতে কাঁচামাল সংগ্রহ করতে না পারায় ২০২৪ সালের ১ মে থেকে উৎপাদন বন্ধ রয়েছে। ফলে দীর্ঘদিন ধরে কোম্পানিটির নিয়মিত আয়-রোজগারের পথ সংকুচিত হয়ে পড়েছে।
সব মিলিয়ে ঋণাত্মক নিট সম্পদ, বিপুল ব্যাংকঋণ, অনাদায়ি পাওনা, সম্পদের প্রকৃত মূল্য নিয়ে অনিশ্চয়তা এবং দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকার কারণে আজিজ পাইপসের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়ছে। নিরীক্ষকের পর্যবেক্ষণেও কোম্পানিটির ব্যবসা চালিয়ে যাওয়ার সক্ষমতা নিয়ে গুরুতর অনিশ্চয়তার বিষয়টি উঠে এসেছে। ফলে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানির ভবিষ্যৎ কার্যক্রম কীভাবে চলবে, তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
Leave a Reply