1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ন্যাশনাল লাইফ ও ডিআরইউর মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর - Business Protidin
শিরোনাম :
জীবনবীমায় গ্রাহক বাড়ানোর কৌশল: আস্থা, সুশাসন ও সময়মতো দাবি পরিশোধ ন্যাশনাল লাইফ ও ডিআরইউর মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর ডিজিটাল ব্যাংকিংয়ে ঝুঁকছেন উদ্যোক্তারা, আসছে নতুন চার ব্যাংক পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকার মধ্যে করার প্রস্তাব সিপিডির ৫৪৭ কোটি ডলারের শেয়ার দান করছেন ওয়ারেন বাফেট প্রোটেক্টিভ ইসলামী লাইফের মেট্রো প্রজেক্টে নতুন বীমাকর্মীদের যোগদান রেনাটার নতুন ওষুধ সরবরাহ শুরু ইউরোপের বাজারে তিন মাসের সর্বোচ্চ লেনদেন, সূচকেও চাঙা শেয়ারবাজার প্রোটেক্টিভ লাইফ ও প্রাইজোলের মধ্যে গ্রুপ স্বাস্থ্যবিমা চুক্তি ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের ৩২.১৭ শতাংশই খেলাপি

ন্যাশনাল লাইফ ও ডিআরইউর মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন ও চেক হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

সংবাদ বিজ্ঞপ্তি: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সদস্যদের জন্য গ্রুপ বীমা সুবিধা অব্যাহত রাখতে সংগঠনটির সঙ্গে সম্পাদিত বীমা চুক্তি আরও এক বছরের জন্য নবায়ন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীমা দাবির চেকও হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউর শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. কাজিম উদ্দিন।

নবায়নকৃত চুক্তিতে ন্যাশনাল লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন এবং ডিআরইউর সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় ২০ থেকে ৬০ বছর বয়সী ডিআরইউর প্রায় দুই হাজার সদস্য গ্রুপ বীমা সুবিধা পাবেন। চুক্তি অনুযায়ী, কোনো সদস্যের স্বাভাবিক মৃত্যুতে তিন লাখ টাকা, দুর্ঘটনাজনিত মৃত্যুতে তিন লাখ ৮০ হাজার টাকা, অঙ্গহানির ক্ষেত্রে এক লাখ টাকা এবং গুরুতর অসুস্থতাজনিত অস্ত্রোপচারের ক্ষেত্রে ৭০ হাজার টাকা বীমা সুবিধা প্রদান করা হবে।

অনুষ্ঠানে পূর্ববর্তী গ্রুপ বীমা চুক্তির আওতায় ডিআরইউ সদস্য আবু হেনা রাসেলের পরিবারের সদস্যদের হাতে মৃত্যুদাবি বাবদ তিন লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ ছাড়া সদস্য রফিকুল ইসলামের গুরুতর অসুস্থতাজনিত বীমা দাবির বিপরীতে ৭০ হাজার টাকার চেক হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ আল মাহমুদ তিতুমীর সাংবাদিকদের কল্যাণে ডিআরইউর এ উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, সাংবাদিকদের পেশাগত ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

একই সঙ্গে দেশের বীমা খাতের সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, দেশে জীবন ও সাধারণ বীমা মিলিয়ে ৮২টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের বিপরীতে মোট বীমা দাবি ছিল ১০ হাজার ৬১১ কোটি টাকা। এর মধ্যে ৭ হাজার ৭৭৯ কোটি টাকা এখনো পরিশোধ করা হয়নি, যা মোট দাবির প্রায় ৭৩ শতাংশ। সাধারণ বীমা খাতে দাবি পরিশোধের হার মাত্র ১১ দশমিক ৩ শতাংশ বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, ব্যাংকিং খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে আলোচনা হলেও বীমা খাতের সংকট তুলনামূলকভাবে আড়ালে থেকে যাচ্ছে। অথচ বীমা গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং সময়মতো দাবি পরিশোধ নিশ্চিত করা এ খাতের অন্যতম প্রধান দায়িত্ব। বীমা খাতে অনিয়ম, অব্যবস্থাপনা ও জবাবদিহির ঘাটতি দূর করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা প্রয়োজন।

তিতুমীর আরও বলেন, গত দেড় দশকে রাজনৈতিক ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ব্যাংক ও বীমা খাতে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার ফলে সাধারণ মানুষ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আর্থিক খাতের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানী সাংবাদিকতার মাধ্যমে জনগণের সামনে তুলে ধরতে হবে। একই সঙ্গে জনগণের অর্থের যথাযথ ব্যবহার, আর্থিক প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

ডিআরইউর সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের নেতারা, ন্যাশনাল লাইফের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড মনে করে, গ্রাহক ও অংশীজনদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থার সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে প্রতিশ্রুত সেবা এবং বীমা দাবি পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিআরইউর সঙ্গে চুক্তি নবায়নের মাধ্যমে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে সহযোগিতার এ ধারাবাহিকতা বজায় থাকবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com