মোঃ জহির উদ্দিন: বাংলাদেশের অর্থনীতি দ্রুত এগিয়ে গেলেও আর্থিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ বীমা খাত এখনো তার সম্ভাবনার তুলনায় অনেক পিছিয়ে। অথচ একটি দেশের আর্থিক নিরাপত্তা, দীর্ঘ মেয়াদি মূলধন গঠন ও বিনিয়োগ সম্প্রসারণে বীমার ভূমিকা অপরিসীম। উন্নত অর্থনীতিতে বীমা শুধু ঝুঁকি ব্যবস্থাপনার মাধ্যম নয়; বরং অবকাঠামো, শিল্পায়ন ও পুঁজিবাজারের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা টেকসই করতে বীমা খাতের এই স্থবিরতা কাটানো এখন সময়ের দাবি।
বাংলাদেশের বীমা খাতের প্রধান সংকট শুধু বাজারের সীমাবদ্ধতা নয়; বরং গ্রাহকের আস্থার অভাব, দুর্বল সুশাসন, দাবি নিষ্পত্তিতে দীর্ঘসূত্রতা এবং নিয়ন্ত্রক সংস্থার তদারকির দুর্বলতা এর অন্যতম কারণ। এই পরিস্থিতি থেকে উত্তরণে আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে সমন্বিত ও বাস্তবসম্মত সংস্কার জরুরি।
বাংলাদেশের বাস্তবতা: পরিসংখ্যান কী বলছে
বাংলাদেশ ব্যাংকের Financial Stability Report 2024 অনুযায়ী, ২০২৪ সালে বাংলাদেশে বীমা পেনিট্রেশন ছিল মাত্র ০.৩৬ শতাংশ। একই বছরে জীবনবীমা খাতে দাবি নিষ্পত্তির অনুপাত ছিল ৬৬.২৭ শতাংশ এবং নন-লাইফ (সাধারণ) বীমা খাতে ছিল মাত্র ৩৩.৭৪ শতাংশ। এই পরিসংখ্যান বীমা খাতের সীমিত বিস্তার এবং দাবি নিষ্পত্তির দুর্বলতাকে স্পষ্ট করে। পলিসি গ্রহণের পর প্রতিশ্রুত অর্থ সময়মতো না পেলে গ্রাহকের মধ্যে স্বাভাবিকভাবেই অবিশ্বাস তৈরি হয়। এটি নতুন গ্রাহক সৃষ্টি ও বাজার সম্প্রসারণের অন্যতম প্রধান অন্তরায়।
এ সংকটের পেছনে কয়েকটি কারণ বিশেষভাবে উল্লেখযোগ্য:
আস্থার অভাব: দাবি নিষ্পত্তিতে বিলম্ব ও জটিলতা গ্রাহকদের নিরুৎসাহিত করছে; দুর্বল সুশাসন: বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক শৃঙ্খলা, পরিচালনা পর্ষদের জবাবদিহিতা ও পেশাদার ব্যবস্থাপনার ঘাটতি রয়েছে; পণ্য বৈচিত্র্যের অভাব: স্বাস্থ্য, কৃষি, ক্ষুদ্রবীমা ও জলবায়ু ঝুঁকি বীমার পর্যাপ্ত বিস্তার নেই; প্রযুক্তিগত সীমাবদ্ধতা: ডিজিটাল সেবা ও আধুনিক তথ্য ব্যবস্থাপনার ঘাটতি পরিচালন ব্যয় বাড়াচ্ছে; তদারকির দুর্বলতা: নিয়ন্ত্রক সংস্থার নিয়মিত নজরদারি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং আইন প্রয়োগের সক্ষমতা আরও শক্তিশালী করা প্রয়োজন।
বীমা খাতের উন্নয়নে পাঁচটি জরুরি সংস্কার
১. দ্রুত ও স্বচ্ছ দাবি নিষ্পত্তি: জীবনবীমা ও সাধারণ বীমার দাবির ধরন অনুযায়ী বাধ্যতামূলক সময়সীমা নির্ধারণ করতে হবে। কোনো দাবি প্রত্যাখ্যান করা হলে তার সুনির্দিষ্ট কারণ লিখিতভাবে জানাতে হবে। পাশাপাশি কোম্পানিভিত্তিক দাবি নিষ্পত্তির হার নিয়মিত প্রকাশ বাধ্যতামূলক করা প্রয়োজন।
২. ডিজিটালাইজেশন ও প্রযুক্তির ব্যবহার: পলিসি ইস্যু, প্রিমিয়াম সংগ্রহ ও দাবি নিষ্পত্তিতে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। IDRA-এর অধীনে কেন্দ্রীয় বীমা তথ্যভান্ডার (Central Insurance Database) প্রতিষ্ঠা করে গ্রাহকের তথ্য সংরক্ষণ, অনিয়ম প্রতিরোধ এবং কোম্পানির কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করা প্রয়োজন।
৩. পণ্য বৈচিত্র্যকরণ: কৃষি, স্বাস্থ্য, ক্ষুদ্রবীমা, জলবায়ু ঝুঁকি এবং এসএমই (SME) খাতের চাহিদা অনুযায়ী সাশ্রয়ী বীমা পণ্য চালু করতে হবে। এতে নতুন বাজার সৃষ্টি ও বীমার সামাজিক গ্রহণযোগ্যতা বাড়বে।
৪. IDRA-এর তদারকি ও জবাবদিহিতা বৃদ্ধি: আন্তর্জাতিক মান অনুযায়ী ঝুঁকিভিত্তিক তদারকি, নিয়মিত আর্থিক নিরীক্ষা এবং Solvency বা দায় পরিশোধের সক্ষমতা কঠোরভাবে যাচাই করতে হবে। আইন লঙ্ঘন ও দাবি নিষ্পত্তিতে ধারাবাহিক ব্যর্থতার ক্ষেত্রে কার্যকর আইনগত ব্যবস্থা নিতে হবে। গুরুতর অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনে লাইসেন্স স্থগিত বা বাতিলের মতো পদক্ষেপ গ্রহণ করতে হবে।
৫. দক্ষ মানবসম্পদ ও সচেতনতা বৃদ্ধি: বীমা এজেন্ট ও কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণ, দক্ষতা এবং নৈতিক বিক্রয়চর্চা নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণমাধ্যম ও জাতীয় পর্যায়ে বীমা বিষয়ে সচেতনতামূলক কর্মসূচি জোরদার করা প্রয়োজন।
বাংলাদেশের বীমা খাতের উন্নয়ন শুধু প্রিমিয়াম আয় কিংবা পলিসির সংখ্যা বাড়ানোর বিষয় নয়। এ খাতের প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে কোম্পানির সুশাসন, আর্থিক সক্ষমতা, দ্রুত দাবি নিষ্পত্তি এবং নিয়ন্ত্রক সংস্থার কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার বিকল্প নেই। বীমা খাতের প্রকৃত সাফল্য কত পলিসি বিক্রি হলো, তা দিয়ে নয়; বরং বিপদ ও সংকটের সময় গ্রাহক কতটা নির্ভরযোগ্য আর্থিক সুরক্ষা পেলেন, তা দিয়েই মূল্যায়ন করা উচিত।
বর্তমান সময়ে আইন মেনে চলা কোম্পানিগুলোর মধ্যে অন্যতম গার্ডিয়ান লাইফ। কোম্পানিটির সুশাসন নিশ্চিত করে কাজের অগ্রগতি বাড়িয়েছে, যার ফলে সুনাম ধরে রাখতে সক্ষম হয়েছে। নানান সংকটময় সময়েও জীবন বীমা খাতে সুনামের সাথে ব্যবসা করে যাচ্ছে গার্ডিয়ান লাইফ।
Leave a Reply