নিজস্ব প্রতিবেদক: বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের (সিইও) বিদেশ ভ্রমণে নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে (আইডিআরএ) অবহিত করার বিধান থাকলেও তা ভঙ্গ করেছেন বেস্ট লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নুরুল ইসলাম। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া অবস্থান করছেন।
এদিকে তার অনুপস্থিতিতে কোম্পানির দায়িত্ব পালনের জন্য কাউকে ভারপ্রাপ্ত হিসেবেও দায়িত্ব দেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। অথচ সিইওদের ছুটিতে যাওয়ার আগে এ বিষয়ে আইডিআরএকে অবহিত করার নির্দেশনা রয়েছে।
কোম্পানির একটি সূত্র জানায়, সোমবার (২ নভেম্বর) বেলা ১টা ৪০ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন মোহাম্মদ নুরুল ইসলাম।
আইডিআরএর ২০১৯ সালের ২১ জুলাই জারি করা পরিপত্রে বীমা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তাদের ছুটির বিষয়ে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, ব্যক্তিগত প্রয়োজনে দেশে বা বিদেশে ছুটিতে গেলে কত দিনের জন্য এবং কোথায় অবস্থান করবেন, তা উল্লেখ করতে হবে। একই সঙ্গে তাদের অনুপস্থিতিতে কে দায়িত্ব পালন করবেন, সেটিও জানাতে হবে। ছুটিতে যাওয়ার আগেই এসব তথ্য আইডিআরএকে অবহিত করতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে বেস্ট লাইফের সিইও মোহাম্মদ নুরুল ইসলাম বিজনেস প্রতিদিনকে বলেন, বিদেশে থাকার বিষয়টি স্বীকার করেন। তিনি বলেন, আমি দেশের বাইরে আছি।
আইডিআরএর জনসংযোগ কর্মকর্তা সাদিক আরমান বিজনেস প্রতিদিনকে বলেন, সিইওদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে আইডিআরএকে অবহিত করার নিয়ম রয়েছে। ব্যাক্তি খরচে ভ্রমনে গেলে মোখিকভাবে জানালেও হয়, তবে অফিসের খরচে গেলে প্রাতিষ্ঠানিক নিয়মে আইডিআরএকে জানাতে হয়। তবে বেস্ট লাইফ ইন্স্যুরেন্সের সিইওর বিদেশ ভ্রমণের বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। যদি তিনি বর্তমানে বিদেশে গিয়ে থাকেন তবে আইন লঙ্ঘন করেছেন।
Leave a Reply