নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কমার্স ব্যাংক ও দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে পাঁচজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বাংলাদেশ কমার্স ব্যাংকে দুজন এবং দি প্রিমিয়ার ব্যাংকে তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২ থেকে এ-সংক্রান্ত পৃথক চিঠি ব্যাংক দুটির ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো হয়েছে।
বাংলাদেশ কমার্স ব্যাংকের নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ড. মো. রফিকুল ইসলাম ও এস এম আব্দুল হামিদ, এফসিএ।
অন্যদিকে, দি প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহেদুর রহমান, এনডিসি, পিএসসি (অব.), মোহাম্মদ মোশারফ হোসেন এবং মো. মাসুদুর রহমান শাহ।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ও ৪৭(৩) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাঁদের নিয়োগ দেওয়া হয়েছে।
তবে প্রিমিয়ার ব্যাংকে নিয়োগ পাওয়া মোহাম্মদ মোশারফ হোসেন বর্তমানে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এ কারণে ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ২৩(১)(ক) ধারা পরিপালনের শর্ত দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, প্রিমিয়ার ব্যাংকের পরিচালনা পর্ষদে যোগদানের আগে মোহাম্মদ মোশারফ হোসেনকে ইউসিবির পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করতে হবে। তাঁর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ব্যাংককে অবহিত করতে প্রিমিয়ার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
Leave a Reply