নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের লোকসান ও ঋণাত্মক নিট সম্পদ মূল্য এবং কারখানা বন্ধে আর্থিকভাবে নাজুক অবস্থায় রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত তুং হাই নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড। এর মধ্যেই কোম্পানিটির শেয়ারদরে অস্বাভাবিক উত্থান দেখা দিয়েছে। বিষয়টি নজরে আসার পর কারণ জানতে চেয়ে কোম্পানিকে চিঠি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। তবে কোম্পানিটি কোনো জবাব দেয়নি।
সোমবার (২৪ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২ আগস্ট তুং হাই নিটিংয়ের শেয়ারদর ছিল ২ টাকা ৮০ পয়সা। ২৩ আগস্ট লেনদেন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৫ টাকা ১০ পয়সায়। অর্থাৎ মাত্র ২১ দিনের ব্যবধানে শেয়ারটির দাম বেড়েছে ২ টাকা ৩০ পয়সা বা প্রায় ৮২ শতাংশ।
ডিএসই জানায়, অস্বাভাবিক এই দরবৃদ্ধির পেছনে কোম্পানির পক্ষ থেকে কোনো মূল্যসংবেদনশীল তথ্য রয়েছে কি না, তা জানতে চেয়েছিল ডিএসই। তবে কোম্পানি কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো ব্যাখ্যা দেয়নি।
এর আগে তুং হাই নিটিংয়ের কারখানা পরিদর্শন করে ডিএসইর একটি বিশেষ পরিদর্শক দল। সরেজমিনে গিয়ে তারা কারখানাটির উৎপাদন কার্যক্রম সম্পূর্ণ বন্ধ দেখতে পায়।
পরিদর্শন প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে কারখানাটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় বিভিন্ন যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নষ্ট হয়ে গেছে। এসব যন্ত্রপাতিতে মরিচা ও ময়লার স্তর জমে থাকার কথাও উঠে এসেছে প্রতিবেদনে।
সর্বশেষ অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ঋণাত্মক। একই সঙ্গে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ঋণাত্মক ৬ টাকা ৩৫ পয়সা। অর্থাৎ কোম্পানিটির মোট সম্পদের তুলনায় দায়ের পরিমাণ বেশি।
এ ছাড়া কোম্পানিটির পুঞ্জীভূত লোকসান প্রায় ৭৬ কোটি টাকা। কয়েক বছর ধরে সাধারণ বিনিয়োগকারীদের কোনো লভ্যাংশও দিতে পারেনি প্রতিষ্ঠানটি।
Leave a Reply