1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংকের রেজল্যুশন স্কিম চূড়ান্ত: যেভাবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন - Business Protidin
শিরোনাম :
বিশ্বজিৎ মন্ডলের ক্ষমা প্রার্থনা: চার শর্তে নিষেধাজ্ঞা প্রত্যাহার অপরিবর্তিত রেখে মার্চ মাসের জন্য জ্বালানি তেলের দাম নির্ধারণ যুদ্ধের খবরে বিধ্বস্ত দেশের শেয়ারবাজার, সূচকে বড় পতন বাজার মধ্যস্থতাকারীরা ধুঁকলেও ফুলে-ফেঁপে উঠছে বিএসইসির আয় পটপরিবর্তনের পর বন্ধ কারখানা চালু করতে সহযোগিতা করবে বাংলাদেশ ব্যাংক আহসান এইচ মনসুরের মেয়াদে রিজার্ভ বেড়েছে ১০ বিলিয়ন ডলার বিভিন্ন স্থানে গ্যাস সমস্যার জন্য পেট্রোবাংলার দুঃখ প্রকাশ বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলেন মোস্তাকুর রহমান শ্রম আইনের অনিয়ম থেকে বেরোতে পারেনি ক্রাফটসম্যান একীভূত ব্যাংক নিয়ে বাংলাদেশ ব্যাংকের কিছু কর্মকর্তার অপপ্রচার-ষড়যন্ত্রের অংশ: গভর্নর

ব্যাংকের রেজল্যুশন স্কিম চূড়ান্ত: যেভাবে আমানতকারীরা টাকা ফেরত পাবেন

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শরিয়াহভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত করে গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর জন্য ‘ব্যাংক রেজল্যুশন স্কিম ২০২৫’ চূড়ান্ত করা হয়েছে। এই স্কিম অনুযায়ী, আমানতকারীদের অর্থ ফেরতের জন্য একটি সুনির্দিষ্ট ধাপ ও সময়সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমানতকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করতে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতেই এই রেজল্যুশন স্কিম বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেজল্যুশন স্কিমের একটি কপি টিবিএসের হাতে এসেছে।

সংশ্লিষ্ট ব্যাংকগুলো হলো—এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক। দীর্ঘদিনের অনিয়ম, তীব্র তারল্য সংকট এবং উচ্চমাত্রার খেলাপি ঋণের কারণে ব্যাংকগুলোর স্বাভাবিক কার্যক্রম ভেঙে পড়ায় কেন্দ্রীয় ব্যাংকের তত্ত্বাবধানে এগুলো বিলুপ্ত করে নতুন ব্যাংকটি গঠন করা হয়েছে।

যেভাবে টাকা ফেরত পাবেন আমানতকারীরা- রেজল্যুশন স্কিম অনুযায়ী, আমানতের পরিমাণের ওপর ভিত্তি করে টাকা ফেরতের সময়সীমা ভাগ করা হয়েছে:

২ লাখ টাকা পর্যন্ত আমানত: যেসব গ্রাহকের আমানত ২ লাখ টাকা পর্যন্ত, তাঁদের অর্থ সম্পূর্ণ সুরক্ষিত থাকবে। ‘আমানত সুরক্ষা আইন’-এর আওতায় এই অর্থ যেকোনো সময় নতুন গঠিত ব্যাংক থেকে উত্তোলন করা যাবে।

২ লাখ টাকার বেশি আমানত: যাদের আমানত ২ লাখ টাকার বেশি, তাদের ক্ষেত্রে অর্থ পরিশোধ করা হবে কিস্তিতে। প্রথম ২ লাখ টাকা যেকোনো সময় উত্তোলন করা যাবে। পরবর্তী প্রতি ১ লাখ টাকার জন্য তিন মাস অন্তর উত্তোলনের সুযোগ দেওয়া হবে। অবশিষ্ট অর্থ রেজল্যুশন স্কিম কার্যকর হওয়ার তারিখ থেকে ২৪ মাস পর উত্তোলনযোগ্য হবে।

স্থায়ী আমানত (এফডিআর) সংক্রান্ত নিয়ম: তিন মাস বা তার বেশি মেয়াদের স্থায়ী আমানতের (এফডিআর) ক্ষেত্রে কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। স্কিম অনুযায়ী, এসব আমানত মেয়াদ শেষ হওয়ার আগে ভাঙানো যাবে না এবং তা স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে।

তিন মাস মেয়াদি আমানত তিনবার স্বয়ংক্রিয়ভাবে নবায়ন হবে; ১ থেকে ২ বছর মেয়াদি আমানত ৩ বছর মেয়াদি আমানত হিসেবে গণ্য হবে; ৪ বছরের বেশি মেয়াদি আমানত নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার পর উত্তোলন করা যাবে। এছাড়া ক্যানসার ও কিডনি ডায়ালাইসিসের মতো গুরুতর রোগে আক্রান্ত আমানতকারীদের জন্য স্কিমে মানবিক বিবেচনায় বিশেষ সুবিধা রাখা হয়েছে। তারা তাদের চিকিৎসার প্রয়োজনে নির্ধারিত সময়সীমা বা সীমার বাইরে গিয়েও আমানতের অর্থ উত্তোলন করতে পারবেন।

স্কিম অনুযায়ী, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থায়ী আমানতের একটি বড় অংশ—প্রায় ৭ হাজার ৫০০ কোটি টাকা—নতুন ব্যাংকের ‘খ-শ্রেণির’ শেয়ারে রূপান্তর করা হবে। এ ছাড়া অন্যান্য প্রতিষ্ঠান ও ট্রাস্টের আমানতের একটি অংশও শেয়ার হিসেবে গণ্য হবে। এসব শেয়ারের বিপরীতে আমানতকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতে লভ্যাংশ পাওয়ার সুযোগ পাবে।

কেন এই রেজল্যুশন?

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত এক বছরে একাধিকবার তারল্য সহায়তা দেওয়া হলেও ব্যাংকগুলোর আর্থিক অবস্থায় কোনো টেকসই উন্নতি হয়নি। সুশাসনের অভাব ও উচ্চ খেলাপি ঋণের কারণে সাধারণ গ্রাহকদের আমানত ফেরত দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল।

এই প্রেক্ষাপটে ‘ব্যাংক রেজল্যুশন অধ্যাদেশ ২০২৫’-এর আওতায় পাঁচটি ব্যাংক একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন গঠিত ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’-এর অনুমোদিত মূলধন ধরা হয়েছে ৪০ হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৩৫ হাজার কোটি টাকা। বর্তমানে কেন্দ্রীয় ব্যাংক মনোনীত সাত সদস্যের একটি পরিচালনা পর্ষদ ব্যাংকটির দায়িত্ব পালন করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com