নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭১ কোটি টাকা ছাড়িয়েছে। যেখানে সাত মাস শেষে জানুয়ারি পর্যন্ত ছিল ৬০ হাজার কোটি টাকার বেশি। আর ৬ মাস শেষে ডিসেম্বর পর্যন্ত ঘাটতি ছিল প্রায় ৪৬ হাজার কোটি টাকা। রাজস্ব আদায়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ঘাটতি বেড়ে যাচ্ছে ক্রমবর্ধমান হারে। যা রাজস্ব আদায়ে বড় ধাক্কা বলে মনে করছে অর্থনীতিবিদরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) এনবিআরের রাজস্ব আদায়ের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। যদিও ১৩.৩৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
এনবিআর তথ্য অনুযায়ী, অর্থবছরের প্রথম আট মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩ লাখ ২৫ হাজার ৮০২ কোটি ১৫ লাখ টাকা। অথচ এ সময় রাজস্ব আয়ের তিনটি খাতে রাজস্ব ঘাটতি ৭১ হাজার ৪৭১ কোটি ৮৭ লাখ টাকা। আলোচ্য সময়ে আদায় হয় ২ লাখ ৫৪ হাজার ৩৩০ কোটি ২৮ লাখ টাকা। যা গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৩.৩৬ শতাংশ। গত অর্থবছরে একই সময়ে আদায় হয়েছিল ২ লাখ ২৬ হাজার ৩৪৬ কোটি ৭২ লাখ টাকা।
পরিসংখ্যান বিভাগ সূত্রে পাওয়া তথ্যানুসারে, চলতি অর্থবছরের প্রথম ৮ মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতি ৩৩ হাজার ৩৭৩ কোটি ৬০ লাখ টাকা। ওই সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার ৫০৯ কোটি ৬৬ লাখ টাকা। অথচ আদায় হয়েছে মাত্র ৮৫ হাজার ১৩৬ কোটি ৬ লাখ টাকা।
আমদানি-রপ্তানি শুল্কে ৮৯ হাজার ৭৮ কোটি ৬০ লাখ টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় মাত্র ৭১ হাজার ৯১২ কোটি ২৭ লাখ টাকা। ঘাটতি ১৭ হাজার ১৬৬ কোটি ৩৩ লাখ টাকা
অন্যদিকে একই সময়ে ভ্যাট খাতে আদায় হয়েছে ৯৭ হাজার ২৮১ কোটি ৯৫ লাখ টাকা। যেখানে লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ১৮ হাজার ২১৩ কোটি ৮৯ লাখ টাকা। ভ্যাট খাতে ঘাটতি ২০ হাজার ৯৩১ কোটি ৯৪ লাখ টাকা।
একক মাস হিসেবে ফেব্রুয়ারি মাসে রাজস্ব আদায়েও মন্দা ভাব দেখা গেছে। এ মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪২ হাজার ৫১ কোটি ২১ লাখ টাকা, বিপরীতে আদায় হয়েছে ৩০ হাজার ৫৬১ কোটি ৭৮ লাখ টাকা। ঘাটতি প্রায় ১১ হাজার ৪৯০ কোটি টাকা।
চলতি অর্থবছরের শুরুতে এনবিআরের রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা। পরে গত ১০ নভেম্বর বাজেট মনিটরিং ও সম্পদ কমিটি তা বাড়িয়ে ৫ লাখ ৫৪ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয় বলে জানা গেছে।
Leave a Reply