1. baiozidkhan@gmail.com : admin_bizp :
দায় সমন্বয়ে সুদমুক্ত ঋণ পাচ্ছে রিং শাইন টেক্সটাইলস - Business Protidin

দায় সমন্বয়ে সুদমুক্ত ঋণ পাচ্ছে রিং শাইন টেক্সটাইলস

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশর পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিং শাইন টেক্সটাইলস লিমিটেড তাদের ক্রমবর্ধমান আর্থিক চাপ কমাতে ঋণ পুনর্গঠনে বড় ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। দীর্ঘমেয়াদি ব্যবসায়িক স্থিতিশীলতা নিশ্চিত করতে কোম্পানিটি ইস্টার্ন ব্যাংক পিএলসির কাছে থাকা বিদ্যমান দায় সমন্বয়ের লক্ষ্যে নতুন ঋণ গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি সাড়ে ৯ কোটি টাকা ঋণ নিয়ে এই দায় সমন্বয় করবে।

সোমবার (২০ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় কোম্পানিটি এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করে।

সিদ্ধান্ত অনুযায়ী, রিং শাইন তাদের স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ ‘লার্ক টেক্সটাইলস লিমিটেড’ থেকে ৯ কোটি ৫০ লাখ টাকা ঋণ গ্রহণ করবে। এই ঋণের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এটি সম্পূর্ণ সুদমুক্ত। বর্তমানে ব্যাংক ঋণের উচ্চ সুদ হারের বাজারে এটি কোম্পানির আর্থিক ব্যয় কমাতে বড় ধরনের ভূমিকা রাখবে।

চুক্তি অনুযায়ী, ঋণটি ১০ বছরের মেয়াদে পরিশোধযোগ্য। ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে শুরু হয়ে পরবর্তী ১০ বছরে সমান বার্ষিক কিস্তিতে কোম্পানিটি এই দায় পরিশোধ করবে। সংগৃহীত এই অর্থ সরাসরি ইস্টার্ন ব্যাংকের বকেয়া ঋণ পরিশোধে ব্যয় করা হবে।

কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আশা করছে, এই পদক্ষেপটি রিং শাইনের আর্থিক সক্ষমতায় নতুন গতি সঞ্চার করবে। এই প্রক্রিয়ায় কোম্পানিটি প্রায় ৩ লাখ ৩০ হাজার মার্কিন ডলার (মোট ঋণের প্রায় ১০ শতাংশ) মওকুফ সুবিধা পেয়েছে। ইতোমধ্যে ৭ লাখ ৮০ হাজার মার্কিন ডলার ডাউন পেমেন্ট হিসেবে ব্যবহার করে ঋণ পুনঃতফসিল করা হয়েছে। সুদমুক্ত ঋণের ফলে কোম্পানির সুদজনিত ব্যয় উল্লেখযোগ্য হারে হ্রাস পাবে, যা সরাসরি শেয়ার প্রতি আয় বা ইপিএস বৃদ্ধিতে সহায়তা করবে বলে মনে করা হচ্ছে।

রিং শাইন টেক্সটাইলস মূলত নিট ফেব্রিকস উৎপাদন ও তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক বাজারে পরিচিত। তবে গত কয়েক বছরে উচ্চ ঋণভার এবং আর্থিক জটিলতায় কোম্পানিটির ব্যবসায়িক কার্যক্রমে ধীরগতি লক্ষ্য করা গেছে। এই ঋণ পুনর্গঠন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে কোম্পানির দীর্ঘমেয়াদি তারল্য সংকট কাটবে এবং স্বাভাবিক ব্যবসায়িক কার্যক্রম গতিশীল হবে বলে প্রত্যাশা করছে কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জে রিং শাইনের শেয়ার দরে দীর্ঘ সময় ধরে মন্দাভাব পরিলক্ষিত হচ্ছে। গত কয়েক মাসের লেনদেন চিত্রে দেখা যায়, বিনিয়োগকারীদের আস্থার সংকটে শেয়ারটি ফেস ভ্যালু বা তার আশেপাশে নিম্নমুখী প্রবণতায় অবস্থান করছে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com