নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নতুন ঋণ কর্মসূচির প্রস্তাবের পরিপ্রেক্ষিতে রাজস্ব আদায় ও ব্যাংক খাতে সংস্কার বিষয়ে সুনির্দিষ্ট সময়াবদ্ধ কর্মপরিকল্পনা চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, একক ভ্যাট হার, টার্নওভার ট্যাক্স এবং ব্যাংকিং খাতের সংস্কার নিয়ে সরকারের অবস্থান জানতে চেয়েছে সংস্থাটি।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, আইএমএফ ১৫ শতাংশ একক ভ্যাট হার এবং টার্নওভার ট্যাক্স চালুর পক্ষে। তবে সরকার ১০ থেকে ১২ শতাংশের বেশি ভ্যাট হার চায় না এবং এখনই টার্নওভার ট্যাক্স আরোপে আগ্রহী নয়।
আইএমএফের চাহিদার আলোকে খেলাপি ঋণ কমানো, দুর্বল ব্যাংক একীভূতকরণ এবং ব্যাংক ব্যবস্থাপনায় সরকারি হস্তক্ষেপ কমানোর বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপও চেয়েছে আইএমএফ। ব্যাংক রেজুলেশন অ্যাক্টে একীভূত ব্যাংকের মালিকানা ফেরত দেওয়ার সুযোগসংক্রান্ত ১৮ক ধারা নিয়ে আইএমএফের আপত্তি রয়েছে। সরকার নীতিগতভাবে ধারাটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
এদিকে সরকার গত ১ জুন আইএমএফের কাছে নতুন ঋণ কর্মসূচির প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাব মূল্যায়নে সংস্থাটির একটি প্রতিনিধিদল আগামী জুলাইয়ে বাংলাদেশ সফরে আসবে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বরেই নতুন ঋণ চুক্তি সই হতে পারে।
সরকার নতুন কর্মসূচির আওতায় আইএমএফের কাছে প্রায় ৪ বিলিয়ন ডলার ঋণ চেয়েছে, যার মধ্যে জলবায়ু সহনশীলতা কর্মসূচির জন্য অতিরিক্ত ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।
Leave a Reply