নিজস্ব প্রতিবেদক: অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির মাধ্যমে অর্থপাচার রোধে নজরদারি আরও জোরদার করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এ কার্যক্রমের অংশ হিসেবে নতুন করে প্রায় ১৪ হাজার মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এসব অ্যাকাউন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
বিএফআইইউ সূত্র জানায়, গত এক মাসে অনলাইন জুয়া ও হুন্ডির সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে প্রায় ১০ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সম্প্রতি একটি গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে আরও প্রায় ১৪ হাজার অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে, যেগুলোর লেনদেনও স্থগিত করা হচ্ছে।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সহজে এমএফএস অ্যাকাউন্ট খোলা যায় বলে অপরাধীরা এসব প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেনের চেষ্টা করছে। তবে চক্রগুলোর মূল হোতাদের শনাক্ত করা হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কাছে তথ্য পাঠানো হয়েছে। একই সঙ্গে যেসব জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে অপরাধমূলক লেনদেন হয়েছে, সেগুলো দিয়ে ভবিষ্যতে নতুন এমএফএস অ্যাকাউন্ট খোলাও সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।
এর আগে জাতীয় সংসদে অর্থমন্ত্রী জানিয়েছিলেন, অনলাইন জুয়া ও ডিজিটাল হুন্ডির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে প্রায় ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ বা স্থগিত করেছে বিএফআইইউ। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এমএফএস সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে গ্রাহক ও মার্চেন্টদের সন্দেহজনক লেনদেনের ওপর নিয়মিত নজরদারির নির্দেশ দিয়েছে।
আইন অনুযায়ী, অনলাইন জুয়ার প্ল্যাটফর্ম পরিচালনা, অংশগ্রহণ, প্রচার বা সহযোগিতা করলে সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড, এক কোটি টাকা পর্যন্ত জরিমানা, অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে।
Leave a Reply