নিজস্ব প্রতিবেদক: খেলাপি ঋণ আদায়ে বেক্সিমকো লিমিটেডের বন্ধক রাখা প্রায় ২৬ একর জমি ও সম্পত্তি নিলামে তুলেছে রূপালী ব্যাংক। গাজীপুর ও নারায়ণগঞ্জের এসব সম্পত্তি বিক্রি করে ১৯০ কোটি ৯২ লাখ টাকা পাওনা আদায় করতে চায় রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি। তবে বেক্সিমকো গ্রুপের কাছে রূপালী ব্যাংকের মোট খেলাপি ঋণ ৪৮২ কোটি ৬৬ লাখ টাকা।
ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, নারায়ণগঞ্জের তারাব ও যাত্রামুরা মৌজায় ১৭ দশমিক ৪১ একর এবং গাজীপুরে ৮ দশমিক ৫৫ একর জমি নিলামে তোলা হয়েছে। নিলামে অংশ নিতে আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে দরপত্র জমা দিতে হবে।
বেক্সিমকোর কোম্পানি সচিব মোহাম্মদ আসাদ উল্লাহ বলেন, নিলামের বিষয়ে তিনি অবগত নন। তাঁর দাবি, ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত কোম্পানি খেলাপি ছিল না। পরে কারখানা বন্ধ থাকায় ব্যবসা চালানো ও ঋণ পরিশোধ সম্ভব হচ্ছে না।
উল্লেখ্য, ২০২৪ সালের জুন পর্যন্ত বেক্সিমকোর মোট ঋণ ছিল ৬ হাজার ৪৪৯ কোটি টাকা।
Leave a Reply