নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে তৃতীয় দফায় ৭ হাজার ৬৪১ জন পলিসিধারীর বীমা দাবি পরিশোধ করা হবে। আগামী ৪ অক্টোবর এসব পলিসিধারীর অনুকূলে মোট ২৬ কোটি ৩৬ লাখ ৭৯ হাজার ৫৩০ টাকা পরিশোধ করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইডিআরএ।
আইডিআরএ জানিয়েছে, বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে ধারাবাহিকভাবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তৃতীয় দফায় বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ জন গ্রাহককে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকা, হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৮১ জনকে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ৩৪৮ জনকে ৯ কোটি টাকা এবং প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ১৪০ জনকে ৬ কোটি ৭৮ লাখ টাকা দেওয়া হবে।
এ ছাড়া সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ১৬৫ জন গ্রাহককে ৩০ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৫৭৩ জন গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকা পরিশোধ করা হবে।
এর আগে দুই দফায় ৮ হাজার ৪১৭ জন পলিসিধারীকে মোট ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার ১১৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হয়েছে। প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জনকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা ৫৮ পয়সা এবং দ্বিতীয় দফায় ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জনকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা দেওয়া হয়।
তৃতীয় দফার অর্থ পরিশোধ শেষ হলে আইডিআরএর উদ্যোগে তিন দফায় মোট ১৬ হাজার ৫৮ জন পলিসিধারীকে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা ৫৮ পয়সা পরিশোধ করা হবে।
আইডিআরএ বলছে, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধের এ ধারাবাহিক উদ্যোগ বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে ভূমিকা রাখবে। পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা ও বীমা খাতের সংস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
Leave a Reply