1. baiozidkhan@gmail.com : admin_bizp :
ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে তিন গুণ - Business Protidin

ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে তিন গুণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশে ডিজিটাল আর্থিক সেবার বিস্তারের ফলে বাণিজ্যিক ব্যাংকগুলোর মোবাইল অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা এক বছরের ব্যবধানে প্রায় তিন গুণ হয়েছে। এক বছরে ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখের বেশি।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই শেষে ব্যাংকিং অ্যাপের সক্রিয় গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজার ৩২৫ জনে। গত বছরের আগস্টে এ সংখ্যা ছিল ৭১ লাখ ৬৬ হাজার ৫৮৯ জন।

খাতসংশ্লিষ্টরা বলছেন, কেন্দ্রীয় ব্যাংকের চালু করা ‘বাংলা কিউআর’ ব্যবস্থার সম্প্রসারণ এবং ব্যাংক বা এমএফএস অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিক বিল পরিশোধের সুযোগ অ্যাপ ব্যবহার বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের নভেম্বরে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী ছিল ৮৫ লাখ ৭২ হাজার। পরের মাসেই তা বেড়ে ১ কোটি ৪৯ লাখ ছাড়ায়। জুলাইয়ের হিসাবে ব্যবহারকারীদের মধ্যে পুরুষ ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার এবং নারী ৩৮ লাখের বেশি।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, আগে অ্যাপভিত্তিক লেনদেনকে মূলত এমএফএসের বিষয় হিসেবে দেখা হলেও বাংলা কিউআর চালুর পর ব্যাংকগুলোও এর গুরুত্ব উপলব্ধি করেছে। ব্যাংকগুলোর অ্যাপে বাংলা কিউআর যুক্ত করা এবং নতুন অ্যাপ চালুর নির্দেশনার ফলে ব্যবহারকারী ও লেনদেন দুটিই বেড়েছে।

অন্যদিকে, ওয়েব ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার কমেছে। গত বছরের আগস্টে এ ধরনের গ্রাহক ছিল প্রায় ৪৮ লাখ, যা চলতি বছরের জুলাইয়ে কমে ২৪ লাখ ৮৯ হাজারে দাঁড়িয়েছে। অ্যাপ ও ব্রাউজার মিলিয়ে মোট ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী এখন ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি।

এদিকে জুলাইয়ে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে লেনদেন হয়েছে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকা। গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা। জুনে কোরবানির ঈদকে কেন্দ্র করে অ্যাপভিত্তিক লেনদেন রেকর্ড ১ লাখ ৮৪ হাজার ৩৪৯ কোটি টাকায় পৌঁছায়।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com