নিজস্ব প্রতিবেদক: বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) সদস্য (আইন) পদে মো. সফিকুল ইসলাম এবং নন-লাইফ সদস্য পদে মো. কামরুল আহসানকে নিয়োগ দিয়েছে সরকার। চুক্তিভিত্তিক এ নিয়োগের মেয়াদ হবে তিন বছর।
শনিবার (১৭ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বীমা অধিশাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন, ২০১০-এর ধারা ৫(২) অনুযায়ী তাঁদের এ নিয়োগ দেওয়া হয়েছে। দায়িত্ব গ্রহণের আগে তাঁদের অন্য যেকোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে থাকা কর্ম-সম্পর্ক ছিন্ন করতে হবে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন দুই সদস্যের বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
আইডিআরএর সদস্য হিসেবে সফিকুল ইসলাম আইন-সংশ্লিষ্ট দায়িত্ব পালন করবেন। অন্যদিকে কামরুল আহসান দায়িত্ব পালন করবেন নন-লাইফ বীমা খাত-সংশ্লিষ্ট সদস্য হিসেবে। তাঁদের নিয়োগের মধ্য দিয়ে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থাটির সংশ্লিষ্ট দুই পদে নতুন দায়িত্বপ্রাপ্তরা যুক্ত হচ্ছেন।
Leave a Reply