বাণিজ্য ডেস্ক: দেশের ব্যাংক খাতে মুনাফা ও লোকসানের চিত্রে বড় বৈপরীত্য দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম ৯ মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২৩টি বেসরকারি ব্যাংক সম্মিলিতভাবে ৯ হাজার ৬৫৭ কোটি টাকা নিট মুনাফা করেছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩৪ শতাংশ বেশি। তবে বিপরীত চিত্র আটটি ব্যাংকের। এসব ব্যাংক সম্মিলিতভাবে লোকসান করেছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা। এতে ভালো অবস্থানে থাকা ব্যাংকগুলোর মুনাফাও ছাপিয়ে গেছে আট ব্যাংকের লোকসান। ফলে ৩১টি ব্যাংকের সম্মিলিত হিসাবে নিট লোকসান দাঁড়িয়েছে ৩ হাজার ৭৫১ কোটি টাকা।
ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গত বছরের প্রথম ৯ মাসে তালিকাভুক্ত ব্যাংকগুলোর সম্মিলিত নিট মুনাফা ছিল ১২৫ কোটি টাকা। এবার সেই চিত্র উল্টে গেছে। বিশেষ করে কয়েকটি ব্যাংকের খেলাপি ঋণ, প্রভিশন ঘাটতি ও তারল্যসংকট পুরো খাতের মুনাফার হিসাবকে নেতিবাচক করে তুলেছে।
মুনাফায় শীর্ষে ব্র্যাক ও পূবালী ব্যাংক
চলতি বছরের প্রথম ৯ মাসে হাজার কোটি টাকার বেশি নিট মুনাফা করেছে দুটি ব্যাংক। এর মধ্যে ১ হাজার ৭৬৩ কোটি টাকা মুনাফা নিয়ে শীর্ষে রয়েছে ব্র্যাক ব্যাংক। গত বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ১ হাজার ২১১ কোটি টাকা। সে হিসাবে মুনাফা বেড়েছে ৪৫ শতাংশের বেশি।
দ্বিতীয় অবস্থানে রয়েছে পূবালী ব্যাংক। সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির নিট মুনাফা দাঁড়িয়েছে ১ হাজার ৫৮৫ কোটি টাকা। গত বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি ৭৪ শতাংশ। গত বছর একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল ৯১০ কোটি টাকা।
এ ছাড়া সিটি ব্যাংক ৮৬৮ কোটি, প্রাইম ব্যাংক ৬৮৫ কোটি, ইস্টার্ন ব্যাংক ৬৭৪ কোটি এবং ডাচ্-বাংলা ব্যাংক ৬২৪ কোটি টাকা নিট মুনাফা করেছে। অন্যদিকে যমুনা ব্যাংক ৫০২ কোটি, ব্যাংক এশিয়া ৪৫১ কোটি, শাহ্জালাল ইসলামী ব্যাংক ৪৪৫ কোটি এবং উত্তরা ব্যাংক ৪৩১ কোটি টাকা মুনাফা করেছে।
তবে সামগ্রিকভাবে মুনাফায় থাকলেও ঢাকা ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক ও ইউসিবির নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে। সঞ্চিতি সংরক্ষণ বৃদ্ধি, পরিচালন মুনাফা ও সহযোগী প্রতিষ্ঠানের আয় কমে যাওয়াকে এর অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
লোকসানের বড় ধাক্কা ইসলামী ব্যাংকে
অন্যদিকে লোকসানি আট ব্যাংকের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ। চলতি বছরের প্রথম ৯ মাসে ব্যাংকটি ৩ হাজার ২৮৬ কোটি টাকা নিট লোকসান করেছে। গত বছরের একই সময়ে ব্যাংকটি ১০০ কোটি টাকা মুনাফা করেছিল। অর্থাৎ এক বছরের ব্যবধানে ব্যাংকটির আর্থিক অবস্থার বড় অবনতি হয়েছে।
লোকসানের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। ব্যাংকটির নিট লোকসান ৩ হাজার ১৭ কোটি টাকা। এ ছাড়া এবি ব্যাংক ২ হাজার ৮১৮ কোটি এবং আইএফআইসি ব্যাংক ২ হাজার ৫০৬ কোটি টাকা লোকসান করেছে।
অন্য লোকসানি ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকের ৯৪৮ কোটি, প্রিমিয়ার ব্যাংকের ৫৫৮ কোটি, স্ট্যান্ডার্ড ব্যাংকের ১৫৬ কোটি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের ৭১ কোটি টাকা নিট লোকসান হয়েছে।
সব মিলিয়ে আট ব্যাংকের সম্মিলিত লোকসান গত বছরের একই সময়ের ৭ হাজার ৭৯ কোটি টাকা থেকে বেড়ে হয়েছে ১৩ হাজার ৪০৮ কোটি টাকা।
খেলাপি ঋণ ও প্রভিশন ঘাটতিতে বাড়ছে লোকসান
আর্থিক খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, লোকসানি ব্যাংকগুলোর আর্থিক দুরবস্থার পেছনে রয়েছে দীর্ঘদিনের অনিয়ম, খেলাপি ঋণের আধিক্য, প্রভিশন ঘাটতি ও তারল্যসংকট। কয়েকটি ব্যাংকে প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণ, ঋণ বিতরণে অনিয়ম এবং অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব অনিয়মের প্রভাব এখন ব্যাংকগুলোর আর্থিক প্রতিবেদনে স্পষ্ট হয়ে উঠছে।
ইসলামী ব্যাংক তাদের আর্থিক প্রতিবেদনে জানিয়েছে, অতীতে বিতরণ করা বড় অঙ্কের ঋণের ক্ষেত্রে স্বার্থসংশ্লিষ্ট পক্ষের অর্থ আত্মসাৎ ও জালিয়াতির কারণে খেলাপি বিনিয়োগ অস্বাভাবিকভাবে বেড়েছে। আইনি বাধ্যবাধকতার কারণে অর্জিত আয়ের একটি অংশ ব্যাংকটি নিজস্ব আয় হিসেবে দেখাতে পারেনি। পাশাপাশি আমানতের ভিত্তি কমলেও আমানতকারীদের মুনাফা পরিশোধের ব্যয় বেড়েছে।
ন্যাশনাল ব্যাংকের ব্যাখ্যায় বলা হয়েছে, অনাদায়ী ও শ্রেণিকৃত ঋণ বেড়ে যাওয়ায় বড় অঙ্কের ঋণ ও অগ্রিমের বিপরীতে অর্জিত সুদ আয় হিসেবে দেখানো সম্ভব হয়নি। অন্যদিকে গ্রাহকের আমানত ও ঋণের বিপরীতে সুদ ব্যয় বেড়েছে।
আইএফআইসি ব্যাংক জানিয়েছে, খেলাপি ঋণ বৃদ্ধির পাশাপাশি সম্পদের গুণগত মানের অবনতি হয়েছে। অন্যদিকে স্ট্যান্ডার্ড ব্যাংকের দাবি, সমস্যাগ্রস্ত ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসনে বিশেষ নীতিগত সুবিধা দেওয়ায় বিনিয়োগ থেকে আয় কমেছে প্রায় ২৫৬ কোটি টাকা। একই সময়ে কমিশন, মুদ্রা বিনিময় ও ব্রোকারেজ খাতের আয় কমেছে প্রায় ৬৭ কোটি টাকা। পাশাপাশি আমানতের বিপরীতে সুদ ও পরিচালন ব্যয় বেড়েছে।
মুনাফার আড়ালে ব্যাংক খাতের বড় সংকট
একদিকে ব্র্যাক ও পূবালী ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য মুনাফা, অন্যদিকে আট ব্যাংকের বিপুল লোকসান—ব্যাংক খাতের ভেতরের বৈষম্যকে সামনে নিয়ে এসেছে। কয়েকটি ব্যাংকের ভালো ফলাফল সামগ্রিক খাতের দুর্বল আর্থিক অবস্থাকে আড়াল করতে পারেনি।
বিশেষজ্ঞদের মতে, ব্যাংক খাতের টেকসই উন্নয়নের জন্য শুধু মুনাফা বাড়ানোই যথেষ্ট নয়। খেলাপি ঋণ আদায়, সুশাসন নিশ্চিত করা, ঋণ বিতরণে স্বচ্ছতা এবং ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা পুনরুদ্ধার জরুরি। অন্যথায় কয়েকটি ব্যাংকের সংকট পুরো আর্থিক খাতের ওপর চাপ তৈরি করতে পারে।
Leave a Reply