নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের শীর্ষ ২০ ঋণখেলাপির কাছেই আটকে রয়েছে ৯১ হাজার ১৬৪ কোটি টাকা। অথচ বিপুল অঙ্কের এই ঋণ আদায়ে ব্যাংকগুলোর অগ্রগতি অত্যন্ত হতাশাজনক। চলতি ২০২৬ সালের প্রথম ছয় মাসে শীর্ষ খেলাপিদের কাছ থেকে লক্ষ্যমাত্রার মাত্র ১৭ শতাংশ অর্থ আদায় করতে পেরেছে ব্যাংকগুলো। ফলে বছর শেষে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে দেখা দিয়েছে সংশয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংক—সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকের (বিডিবিএল) শীর্ষ ২০ ঋণখেলাপির কাছে বিপুল পরিমাণ ঋণ আটকে রয়েছে।
চলতি বছরে এসব ব্যাংকের জন্য মোট ১২ হাজার ৬৮৫ কোটি টাকা ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু জুন পর্যন্ত আদায় হয়েছে মাত্র ২ হাজার ১৫৬ কোটি টাকা। অর্থাৎ ছয় মাসে লক্ষ্যমাত্রার ১৭ শতাংশ আদায় হয়েছে। বাকি ছয় মাসে লক্ষ্যমাত্রার বড় অংশ আদায় করতে না পারলে ব্যাংকগুলো নির্ধারিত লক্ষ্য থেকে অনেক পিছিয়ে পড়বে।
খেলাপি ঋণের ৬০ শতাংশই শীর্ষ ২০ গ্রাহকের কাছে
রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ গত জুন শেষে দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৫০৯ কোটি টাকা। এর মধ্যে শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছেই আটকে রয়েছে ৯১ হাজার ১৬৪ কোটি টাকা। অর্থাৎ ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের প্রায় ৫৯ দশমিক ৮০ শতাংশই রয়েছে মাত্র ২০ গ্রাহকের কাছে।
ব্যাংকভিত্তিক হিসাবে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে জনতা ব্যাংক। ব্যাংকটির শীর্ষ ২০ খেলাপির কাছে আটকে রয়েছে ৫৮ হাজার ৬৪২ কোটি ৬৩ লাখ টাকা, যা ব্যাংকটির মোট খেলাপি ঋণের ৭৭ দশমিক ৪৭ শতাংশ। এর মধ্যে বেক্সিমকো, এস আলম ও অ্যাননটেক্স—এই তিন গ্রাহকের কাছেই আটকে রয়েছে প্রায় ৪০ হাজার কোটি টাকা।
জনতা ব্যাংক চলতি বছর শীর্ষ খেলাপিদের কাছ থেকে ৬ হাজার ৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য নির্ধারণ করেছিল। কিন্তু প্রথম ছয় মাসে আদায় হয়েছে মাত্র ৩৩৪ কোটি ৮০ লাখ টাকা। লক্ষ্যমাত্রার হিসাবে আদায়ের হার মাত্র ৫ দশমিক ২০ শতাংশ।
আদায়ে পিছিয়ে অন্য ব্যাংকগুলোও
জনতা ব্যাংকের পাশাপাশি বেসিক ও রূপালী ব্যাংকের ঋণ আদায়ের চিত্রও হতাশাজনক। বেসিক ব্যাংকের শীর্ষ ২০ খেলাপির কাছ থেকে ৫৬৫ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও ছয় মাসে আদায় হয়েছে মাত্র ৬৪ কোটি টাকা। আদায়ের হার ১১ দশমিক ৩০ শতাংশ।
রূপালী ব্যাংক ২ হাজার ৩০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৩২৯ কোটি টাকা বা ১৪ দশমিক ৩০ শতাংশ। অগ্রণী ব্যাংক ১ হাজার ৮০০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৩৬৩ কোটি টাকা। ব্যাংকটির আদায়ের হার ২০ দশমিক ২০ শতাংশ।
তবে তুলনামূলক ভালো অবস্থানে রয়েছে সোনালী ব্যাংক ও বিডিবিএল। সোনালী ব্যাংক ১ হাজার ৪০০ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৯৮৪ কোটি ৫০ লাখ টাকা। অন্যদিকে বিডিবিএল ১২০ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় করেছে ৮০ কোটি টাকা।
মামলার জটে আটকে ১ লাখ ৭৪ হাজার কোটি টাকা
ঋণ আদায়ের অন্যতম বড় বাধা হয়ে দাঁড়িয়েছে দীর্ঘদিনের মামলাজট। গত জুন শেষে রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি গ্রাহকদের বিরুদ্ধে ৪৭ হাজার ৪৬৯টি মামলা চলমান ছিল। এসব মামলায় জড়িত অর্থের পরিমাণ ১ লাখ ৭৪ হাজার ৭২৭ কোটি টাকা, যা ব্যাংকগুলোর মোট খেলাপি ঋণের চেয়েও বেশি।
এর মধ্যে শুধু অর্থঋণ আদালতে চলমান মামলাগুলোতেই আটকে রয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫৫ কোটি টাকা। মামলায় আটকে থাকা অর্থের পরিমাণ সবচেয়ে বেশি জনতা ব্যাংকের। ব্যাংকটির ১১ হাজার ৭০০টি মামলায় জড়িত রয়েছে ১ লাখ ২০ কোটি টাকা। সোনালী ব্যাংকের ৯ হাজার ৫৮৭টি মামলায় ২৬ হাজার ৭৭৭ কোটি এবং অগ্রণী ব্যাংকের ১৯ হাজার ৮৩২টি মামলায় ১৬ হাজার ৭৩৬ কোটি টাকা আটকে রয়েছে।
এ ছাড়া বেসিক ব্যাংকের ৬৯২টি মামলায় ১৬ হাজার ৩২৫ কোটি, রূপালী ব্যাংকের ৪ হাজার ৭৪৪টি মামলায় ১২ হাজার ৬৬৯ কোটি এবং বিডিবিএলের ৯১৪টি মামলায় ২ হাজার ১৯৯ কোটি টাকা জড়িত রয়েছে।
অবলোপন ঋণ আদায়েও হতাশাজনক চিত্র
শুধু নিয়মিত খেলাপি ঋণ নয়, অবলোপন করা ঋণ থেকেও কাঙ্ক্ষিত অর্থ আদায় করতে পারছে না রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো। ছয় ব্যাংকের মোট ২১ হাজার ৬৮৩ কোটি ৩৭ লাখ টাকার অবলোপনকৃত ঋণ রয়েছে। এসব ঋণ থেকে চলতি বছরে ৫৮৯ কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা থাকলেও জুন পর্যন্ত নগদ আদায় হয়েছে মাত্র ১৭১ কোটি ১৫ লাখ টাকা।
অবলোপনকৃত ঋণ আদায়ে সবচেয়ে পিছিয়ে রয়েছে বেসিক ব্যাংক। ব্যাংকটি লক্ষ্যমাত্রার মাত্র শূন্য দশমিক ৭৮ শতাংশ আদায় করতে পেরেছে। অন্যদিকে অগ্রণী ব্যাংক লক্ষ্যমাত্রার ৬৪ দশমিক ৫২ শতাংশ এবং সোনালী ব্যাংক ৪৫ দশমিক ৩৩ শতাংশ আদায় করেছে।
আদায় বাড়াতে বিশেষ উদ্যোগের পরামর্শ
ঋণ আদায়ের দুর্বল পরিস্থিতি কাটিয়ে উঠতে ব্যাংকগুলোকে বিভিন্ন নির্দেশনা ও পরামর্শ দিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। রূপালী ব্যাংককে শাখাভিত্তিক মাসিক আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং বড় খেলাপিদের জন্য বিশেষ দল গঠনের পরামর্শ দেওয়া হয়েছে। বিডিবিএলকে পরিচালনা পর্ষদের মাধ্যমে প্রতি তিন মাসের জন্য ঋণ আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের সুপারিশ করা হয়েছে।
ব্যাংক কর্মকর্তাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক বিবেচনায় দেওয়া ঋণের বড় অংশ এখন খেলাপিতে পরিণত হয়েছে। অনেক ক্ষেত্রে পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়েছিল। রাজনৈতিক পটপরিবর্তনের পর অনেক ঋণখেলাপি পলাতক রয়েছেন, আবার কেউ কেউ কারাগারে থাকায় ঋণ আদায় কঠিন হয়ে পড়েছে।
তবে ঋণ আদায়ে ব্যর্থতার প্রভাব শুধু ব্যাংকের আয় ও মুনাফায় সীমাবদ্ধ থাকছে না। এতে ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা দুর্বল হচ্ছে, মূলধনের ওপর চাপ বাড়ছে এবং নতুন করে ব্যবসা-বাণিজ্যে ঋণ দেওয়ার সক্ষমতাও কমে যাচ্ছে। ফলে বড় ঋণখেলাপিদের কাছ থেকে অর্থ আদায় করতে না পারলে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে। তথ্য সূত্র: আমার দেশ।
Leave a Reply