1. baiozidkhan@gmail.com : admin_bizp :
লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা - Business Protidin
শিরোনাম :
লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা গ্রামীণ ব্যাংকের ১০০ শতাংশই ঋণগ্রহীতা ও সরকারের, মালিকানা নেই ড. ইউনূসের রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন দাখিল ১০০তম বারের মতো পেছাল ২০ হাজার কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল, তবুও কমেনি খেলাপি পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা আমানতকারীদের স্বার্থ সুরক্ষায় পদ্মা ব্যাংকের নিয়ন্ত্রণ নিল বাংলাদেশ ব্যাংকের এসএমই বোর্ডে বিনিয়োগসীমা কমিয়ে ১০ লাখ টাকা নির্ধারণ সরকারের কাছে ৭৫ হাজার কোটি টাকা চায় ইসলামী ব্যাংক ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা প্রেফারেন্স শেয়ার ছেড়ে ২৮৫ কোটি টাকা তুলবে সিঙ্গার

লাভেলোর শেয়ার কারসাজিতে ১০ লাখ টাকা জরিমানা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত লাভেলো আইসক্রিমের শেয়ারে কৃত্রিম লেনদেনের মাধ্যমে দাম প্রভাবিত করার অভিযোগে মো. জাহেদুল হককে ১০ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মাত্র দুই মাসে ছয়টি বিও হিসাব ব্যবহার করে তিনি কোম্পানিটির প্রায় ৯৯ কোটি টাকার শেয়ার কেনাবেচা করেছেন।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত লাভেলোর শেয়ারে জাহেদুল হকের লেনদেনের তথ্য তদন্ত করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এতে দেখা যায়, ছয়টি ব্রোকারেজ হাউসের অধীনে ছয়টি বিও হিসাব ব্যবহার করে তিনি ৫৯ লাখ ৪৭ হাজার ২৭৬টি শেয়ার কিনেছেন। এতে ব্যয় হয়েছে ৪৮ কোটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা। বিপরীতে ৬১ লাখ ১৩ হাজার ৮৩২টি শেয়ার বিক্রি করেছেন ৪৯ কোটি ৭১ লাখ ৪৮ হাজার টাকায়। সব মিলিয়ে তার কেনাবেচার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৯৮ কোটি ৪৯ লাখ টাকা।

তদন্তে দেখা গেছে, কয়েকটি নির্দিষ্ট দিনে লাভেলোর মোট লেনদেনের বড় অংশই ছিল জাহেদুল হকের কেনাকাটা। ২০২৫ সালের ২১ অক্টোবর কোম্পানিটির মোট ১০ লাখ ৩৬ হাজার ৪৬৮টি শেয়ার লেনদেনের মধ্যে তিনি কিনেছিলেন ৩ লাখ ২০৮টি। ওই দিন মোট লেনদেনে তার অংশগ্রহণ ছিল ৩৮ দশমিক ৮১ শতাংশ। ৫ নভেম্বর মোট ৭ লাখ ৪০ হাজার ৫২১টি শেয়ারের মধ্যে তার কেনা ছিল ৩ লাখ ৮৪ হাজার ৫২৯টি, যা মোট লেনদেনের ৫১ দশমিক ৯৩ শতাংশ। আর ২৪ নভেম্বর মোট ১৩ লাখ ১৯ হাজার ৯৯০টি শেয়ারের মধ্যে তিনি কিনেছিলেন ৭ লাখ ১০ হাজার ৬৩৬টি বা ৫৩ দশমিক ৮৪ শতাংশ।

ডিএসইর তদন্তে আরও দেখা যায়, নির্দিষ্ট সময়ে ধারাবাহিকভাবে শেয়ার কেনার মাধ্যমে তিনি দামেও প্রভাব ফেলেছেন। ২১ অক্টোবর তার কেনাকাটার সময় লাভেলোর শেয়ারদর ৯৩ টাকা থেকে বেড়ে ৯৪ টাকা ৯০ পয়সায় ওঠে। ৫ নভেম্বর ৯৩ টাকা ৭০ পয়সা থেকে বেড়ে ৯৬ টাকা ৬০ পয়সা হয়। ২০ ও ২৪ নভেম্বরও একই ধরনের লেনদেনের চিত্র পাওয়া গেছে।

এ ছাড়া নিজের একাধিক বিও হিসাবের মধ্যে প্রকৃত মালিকানা পরিবর্তন ছাড়াই শেয়ার লেনদেনের প্রমাণ পেয়েছে ডিএসই। তদন্ত অনুযায়ী, ট্রাস্ট ব্যাংক, এনবিএল, ইউসিবি, এনএলআই, ক্যাল ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজের অধীনে থাকা বিও হিসাবগুলোর মধ্যে ৩৫৭টি হাওলায় ১ লাখ ৩৯ হাজার ৮০৬টি শেয়ার লেনদেন করেন তিনি। এসব লেনদেনে শেয়ারের প্রকৃত মালিকানা পরিবর্তন হয়নি।

বিএসইসির আদেশে বলা হয়েছে, জাহেদুল হক সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স, ১৯৬৯-এর ১৭(ই)(ভি) ও ১৭(ই)(৩) ধারা লঙ্ঘন করেছেন। কমিশনের মতে, তিনি কৃত্রিমভাবে সক্রিয় লেনদেনের চিত্র তৈরি এবং শেয়ারের দাম প্রভাবিত করার চেষ্টা করেছেন।

শুনানিতে জাহেদুল হক নিজের কর্মকাণ্ডের জন্য ক্ষমা চান এবং ভবিষ্যতে আইন মেনে চলার অঙ্গীকার করেন। একই সঙ্গে নিজের পোর্টফোলিও সমন্বয় করে লোকসানের কথা উল্লেখ করে অনুকম্পা প্রার্থনা করেন। তবে অভিযোগের সত্যতা বিবেচনায় কমিশন তাকে ১০ লাখ টাকা জরিমানা করে। আদেশ অনুযায়ী, ৩০ দিনের মধ্যে ব্যাংক ড্রাফট বা পে-অর্ডারের মাধ্যমে জরিমানার অর্থ জমা দিতে হবে। অন্যথায় আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, তদন্তকালীন সময়ে লাভেলোর শেয়ারদর ৯৭ টাকা ৭০ পয়সা থেকে কমে ৮০ টাকা ৪০ পয়সায় নেমে আসে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com