নিজস্ব প্রতিবেদক: গ্রামীণ ব্যাংকের ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা সদস্যদের হাতে। বাকি ১০ শতাংশের মালিক সরকার। ব্যাংকটির প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূসের কোনো ব্যক্তিগত শেয়ার নেই। ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির মালিকানা ও পরিচালনা কাঠামোয় পরিবর্তন এসেছে। নতুন কাঠামোয় ১৩ সদস্যের পরিচালনা পর্ষদের মধ্যে ৯ জন ঋণগ্রহীতা সদস্যদের ভোটে নির্বাচিত।
২০২৫ সালের শেষে গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ২০ হাজার। এর মধ্যে ৯৬ দশমিক ৬৭ শতাংশ নারী। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে ২ হাজার ৫৬৮টি শাখার মাধ্যমে। ব্যাংকটিতে কর্মরত কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ২৪ হাজার ২১৭।
গ্রামীণ ব্যাংকের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদন পর্যালোচনায় এসব তথ্য পাওয়া গেছে।
সম্প্রতি ড. ইউনূসকে কেন্দ্র করে গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব হামলা বন্ধ এবং জড়িত ব্যক্তিদের দ্রুত বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস।
১৯৭৬ সালে চট্টগ্রামের জোবরা গ্রামে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম শুরু করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। নিজের পকেট থেকে ২৭ ডলার সমপরিমাণ অর্থ ঋণ দিয়ে তিনি গ্রামের ৪২ জন দরিদ্র নারীকে মহাজনের ঋণের শোষণ থেকে মুক্ত করার উদ্যোগ নেন। ওই নারীদের ঋণ পরিশোধের অভিজ্ঞতা থেকেই জামানত ছাড়া দরিদ্র মানুষকে ঋণ দেওয়ার ধারণাটি বাস্তব ভিত্তি পায়।
১৯৭৯ সালে বাংলাদেশ ব্যাংকের সহায়তায় প্রকল্পটি টাঙ্গাইলে সম্প্রসারিত হয়। পরে ১৯৮৩ সালের ২ অক্টোবর সরকারি অধ্যাদেশের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় গ্রামীণ ব্যাংক। ২০০৬ সালে গ্রামীণ ব্যাংক ও ড. ইউনূস যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন।
গ্রামীণ ব্যাংকের পরিশোধিত মূলধন ৩০০ কোটি টাকা। সংশোধিত কাঠামোয় এর ৯০ শতাংশের মালিক ঋণগ্রহীতা সদস্যরা এবং বাকি ১০ শতাংশের মালিক সরকার। এর আগে ২০১৩ সালের আইন অনুযায়ী সরকারের মালিকানা ছিল ২৫ শতাংশ এবং সদস্যদের ৭৫ শতাংশ।
২০১১ সালে ব্যাংকটির মালিকানায় সরকারের অংশ ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হয়েছিল। নতুন কাঠামোয় সরকারের অংশ কমিয়ে আবার ১০ শতাংশ করা হয়েছে।
মালিকানার পাশাপাশি পরিচালনা পর্ষদেও পরিবর্তন এসেছে। আগে ১৩ সদস্যের পর্ষদে সরকারের মনোনীত পরিচালক ছিলেন তিনজন। নতুন কাঠামোয় তা কমিয়ে একজন করা হয়েছে। চেয়ারম্যান সরাসরি সরকার নিয়োগ করবে না; পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবেন। এ ছাড়া ঋণগ্রহীতা সদস্যদের ভোটে নির্বাচিত ৯ পরিচালক এবং নির্বাচিত পরিচালকদের মনোনীত তিন পরিচালক থাকবেন।
ক্ষুদ্রঋণের পাশাপাশি গ্রামীণ ব্যাংক গৃহঋণ, শিক্ষাঋণ, কৃষিঋণ, ব্যবসায়িক ঋণ ও পশুপালন ঋণ দিয়ে থাকে। সদস্যদের জীবনমান উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশ সংরক্ষণেও বিভিন্ন কর্মসূচি রয়েছে। ২০২০ সালে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় ২০২৫ সাল পর্যন্ত প্রায় ৫২ কোটি চারা রোপণ করেছে প্রতিষ্ঠানটি।
গ্রামীণ ব্যাংকের ঋণ বিতরণের প্রধান উৎস সদস্যদের আমানত। ২০২৫ সালের শেষে সদস্যদের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ হাজার ৪১৬ কোটি ৯৯ লাখ টাকা। একই সময়ে ঋণ স্থিতি ছিল ১৭ হাজার ৩৭৮ কোটি ১০ লাখ টাকা। অর্থাৎ ঋণের তুলনায় আমানত ৩৮ কোটি ৮৯ লাখ টাকা বেশি। ব্যাংকটির ভাষ্য অনুযায়ী, ১৯৯০-এর দশকের মাঝামাঝি সময় থেকে ঋণ বিতরণের শতভাগের বেশি অর্থ আমানতের মাধ্যমে সংগ্রহ করা হচ্ছে।
মুনাফা থেকে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার পাশাপাশি বিভিন্ন তহবিলে অর্থ বরাদ্দ করে গ্রামীণ ব্যাংক। ২০২৪ সালের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ বাবদ ৩৭ কোটি ৮ লাখ ৫৩ হাজার টাকা দেওয়া হয়েছে। সাধারণ রিজার্ভ, ডিভিডেন্ড ইকুয়ালাইজেশন ফান্ড ও কর্মচারী কল্যাণ তহবিলসহ বিভিন্ন খাতেও অর্থ বরাদ্দ করা হয়েছে। ২০২৫ সালের জন্যও ৩০ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ।
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সরদার আকতার হামিদ বলেন, গ্রামীণ ব্যাংক কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীর ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান নয়। এর মালিক গ্রাহকেরা। ফলে প্রতিষ্ঠানটির কোনো ক্ষতি হলে তা ঋণগ্রহীতা সদস্যদেরই ক্ষতি হবে। এসব সদস্য মূলত গ্রামের দিনমজুর ও খেটে খাওয়া মানুষ। একই সঙ্গে ক্ষতির মুখে পড়বে সরকারও।
Leave a Reply