1. baiozidkhan@gmail.com : admin_bizp :
অবসরপ্রাপ্ত উপসচিবরাও হতে পারবেন বীমা কোম্পানির উপদেষ্টা - Business Protidin
শিরোনাম :
শিল্প এলাকার শ্রমিকদের টানা তিন দিন ছুটি ট্রাম্পের শুল্ক হ্রাসের ঘোষণায় ভারতের পুঁজিবাজারে বড় উল্লম্ফন সঞ্চয়পত্রে ৫ লাখ টাকা পর্যন্ত উৎসে কর থাকছে ৫ শতাংশই আলফা ইসলামি লাইফের মাসিক ব্রাঞ্চ ম্যানেজার মিটিং অনুষ্ঠিত আইডিআরএ’র ইনস্যুরেন্স এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল ন্যাশনাল লাইফ সরকারি ব্যাংক ঋণ দিতে পারলেও আদায়ে দুর্বল: গভর্নর নিবন্ধন নবায়ন ছাড়াই ব্যবসা করছে দেশের বিমা কোম্পানিগুলো সোনারগাঁও টেক্সটাইলের মজুদ পণ্য ও স্থায়ী সম্পদে গরমিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিক্রি ৩৯৩ কোটি টাকা, রপ্তানি আদেশ ২২৪ কোটি দেশে ডিজিটাল লেনদেনে পিছিয়ে মানুষ, লেনদেনের হার ৩৪ শতাংশ

অবসরপ্রাপ্ত উপসচিবরাও হতে পারবেন বীমা কোম্পানির উপদেষ্টা

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বীমা কোম্পানির উপদেষ্টা হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ পেলেন অবসরপ্রাপ্ত উপসচিব পর্যায়ের সরকারি কর্মকর্তারা। এ সংক্রান্ত নতুন বিধিমালা জারি করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।

সম্প্রতি আইডিআরএ চেয়ারম্যান ড. এম আসলাম আলম স্বাক্ষরিত **‘বীমাকারীর উপদেষ্টা নিয়োগ (যোগ্যতা ও অভিজ্ঞতা) প্রবিধানমালা, ২০২৬’** গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। এতে উপদেষ্টাদের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমা ও নিয়োগপ্রক্রিয়া বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

নতুন প্রবিধান অনুযায়ী, বীমা খাতের উন্নয়নে সরকারি নীতি নির্ধারণী পর্যায়ে অথবা আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন সংবিধিবদ্ধ কোনো সংস্থায় বীমা বিষয়ে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতাসম্পন্ন অবসরপ্রাপ্ত অন্যূন উপসচিব বীমা কোম্পানির উপদেষ্টা হিসেবে নিয়োগযোগ্য হবেন।

প্রবিধানে বলা হয়েছে, বীমা কোম্পানির উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে অবশ্যই আইডিআরএর পূর্বানুমোদন নিতে হবে। নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড পূরণ করা বাধ্যতামূলক।

এতে আরও উল্লেখ করা হয়েছে, বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকলে উপদেষ্টা হওয়া যাবে। পাশাপাশি অ্যাকচুয়ারিয়াল, চার্টার্ড ইনস্যুরেন্স, হিসাবরক্ষণ ও আর্থিক খাতের স্বীকৃত দেশি ও বিদেশি পেশাগত সনদধারীরাও নির্ধারিত অভিজ্ঞতা সাপেক্ষে উপদেষ্টা হিসেবে নিয়োগ পেতে পারবেন।

অ্যাকচুয়ারিয়াল ক্ষেত্রে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের স্বীকৃত ইনস্টিটিউটের ফেলো বা অ্যাসোসিয়েট, চার্টার্ড ইনস্যুরেন্স ইনস্টিটিউট (যুক্তরাজ্য), লাইফ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (যুক্তরাষ্ট্র) এবং বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাকাডেমির সনদধারীদের সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি আইসিএবি, এসিসিএ, আইসিএমএবি, সিএফএ ও সিপিএ সনদধারীরাও উপদেষ্টা হিসেবে বিবেচিত হবেন।

বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বা রিস্ক ম্যানেজমেন্ট বিষয়ে অধ্যাপক পদে চাকরির অভিজ্ঞতাসহ কমপক্ষে ১২ বছরের কর্মজীবন থাকলেও উপদেষ্টা হওয়া যাবে। এছাড়া স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রিসহ বীমা কোম্পানির সিনিয়র ম্যানেজমেন্ট পর্যায়ে অন্তত ছয় বছরের অভিজ্ঞতাও গ্রহণযোগ্য হবে।

প্রবিধানে স্পষ্টভাবে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা তাঁর পরিবারের সদস্য যদি সংশ্লিষ্ট বীমা কোম্পানির উদ্যোক্তা, শেয়ারহোল্ডার, পরিচালক বা মুখ্য নির্বাহী কর্মকর্তা হন, তাহলে তিনি উপদেষ্টা হতে পারবেন না। একইভাবে ঋণখেলাপি, দেউলিয়া ঘোষিত ব্যক্তি, নৈতিক স্খলনজনিত অপরাধে দণ্ডিত ব্যক্তি এবং মানি লন্ডারিং বা আর্থিক অপরাধে চার্জশিটভুক্ত ব্যক্তিরাও অযোগ্য বিবেচিত হবেন।

এছাড়া ব্যাংক, বীমা বা ফাইন্যান্স কোম্পানির পরিচালক, বাংলাদেশের নাগরিক নন বা স্থায়ী বাসিন্দা নন—এমন ব্যক্তিরাও উপদেষ্টা হিসেবে নিয়োগ পাবেন না।

উপদেষ্টা নিয়োগের জন্য জীবনবৃত্তান্ত, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদ, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত এবং খসড়া চুক্তিপত্রসহ মোট আট ধরনের নথি আইডিআরএর কাছে জমা দিতে হবে। পুনঃনিয়োগের ক্ষেত্রে মেয়াদ শেষ হওয়ার অন্তত ৪৫ দিন আগে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার ৪৫ দিনের মধ্যে কর্তৃপক্ষ নিয়োগ বা পুনঃনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেবে।

প্রবিধান অনুযায়ী, একজন উপদেষ্টাকে সর্বোচ্চ তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া যাবে। পরিচালনা পর্ষদের সুপারিশ ও আইডিআরএর অনুমোদন সাপেক্ষে উপদেষ্টা সর্বোচ্চ ৭৬ বছর বয়স পর্যন্ত দায়িত্ব পালন করতে পারবেন।

উপদেষ্টার পদ বীমা কোম্পানির স্থায়ী জনবল কাঠামোর অংশ হবে না। পারিশ্রমিক ও অন্যান্য সুবিধা পরিচালনা পর্ষদ নির্ধারণ করবে, তবে তা সংশ্লিষ্ট বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার বেতন-ভাতার চেয়ে বেশি হতে পারবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com