নিজস্ব প্রতিবেদক: ভারতের কেন্দ্রীয় সরকার বাজেট ঘোষণার সময় ভারতের শেয়ার বাজারের যে অবস্থা ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর আরোপিত শুল্ক হ্রাসের ঘোষণা দেওয়ার পর থেকে তা ব্যাপকভাবে বদলে গেছে। সেই সঙ্গে ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতের মুদ্রা রুপি।
গতকাল সোমবার (৩ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন—ভারতের ওপর আরোপিত বাণিজ্য শুল্ক ৫০ শতাংশ থেকে নামিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে তাঁর নেতৃত্বাধীন প্রশাসন এবং খুব শিগগিরই তা কার্যকর করা হবে।
ট্রাম্প এই ঘোষণা দেওয়ার পরপরই ভলিউম বাড়তে থাকে ভারতের দুই শেয়ারবাজার দ্য সেনসেক্স এবং নিফটির। গণমাধ্যম সূত্রে জানা গেছে, ট্রাম্পের ঘোষণার পর সোমবার সারা দিনে দ্য সেনসেক্স অর্জন করেছে ৩ হাজার ৬ শতাধিক পয়েন্ট এবং নিফটি অর্জন করেছে ১ হাজার ২০০ পয়েন্ট। প্রায় প্রতিটি খাতের বিভিন্ন কোম্পানির শেয়ারের দাম বেড়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পর।
গণমাধ্যমের প্রতিবেদন বলছে, গতকাল সোমবার রিয়েল এস্টেট খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৪ দশমিক ৪৭ শতাংশ, গাড়ি-মোটরবাইক কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৩ দশমিক ৭৮ শতাংশ, ম্যানুফেকচারিং খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে গড়ে ৩ দশমিক ৬৯ শতাংশ এবং আইটি খাতের কোম্পানিগুলোর শেয়ারের দাম বেড়েছে গড়ে ৩ দশমিক ৪ শতাংশ। শেয়ারের দাম বৃদ্ধির পাশাপাশি ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে ভারতীয় মুদ্রাও।
গতকাল সোমবার প্রতি এক ডলারের বিপরীতে রুপির মান ছিল ৯০ দশমিক ৪০। ট্রাম্পের ঘোষণার পর ১ দশমিক ২ শতাংশ শক্তি অর্জন করেছে রুপি।
Leave a Reply