নিজস্ব প্রতিবেদক: দেশের সব লাইফ ও নন-লাইফ বীমা কোম্পানির ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি হাজারে ২.৫০ টাকা হারে-ই পরিশোধের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। বীমা মালিকদের দাবি উপেক্ষা করে এই সিদ্ধান্ত জানিয়েছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ।
মঙ্গলবার (২৩ জুন) এফআইডি’র বীমা-২ শাখা থেকে এই সংক্রান্ত অফিশিয়াল নোটিশ জারি করা হয়েছে।
বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান বরাবর পাঠানো ওই চিঠিতে- বীমা ব্যবসা নিবন্ধন ফি বিধিমালা, ২০১২ এর বিধি ৩(২) এর আওতায় সর্বশেষ সংশোধিত সরকারি গেজেটে বর্ণিত সময় ও হার অনুযায়ী এই ফি আদায়ের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে ২৬ এপ্রিল আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো আইডিআরএ’র এক চিঠিতে দেশের বেসরকারি বীমা কোম্পানিগুলোর ২০২৬ সালের নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজার গ্রস প্রিমিয়ামের বিপরীতে কত টাকা হারে প্রযোজ্য হবে সে বিষয়ে নির্দেশনা বা আইনগত মতামত চাওয়া হয়।এরই ধারাবাহিকতায় এমন নির্দেশনা দিল এফআইডি।
জানা যায়, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ চলতি বছরের ৪ ফেব্রুয়ারি একটি বিতর্কিত গেজেট প্রকাশের মাধ্যমে বীমা কোম্পানির নিবন্ধন নবায়ন ফি প্রতি হাজারে ১.০০ টাকা থেকে একলাফে আড়াই গুণ বাড়িয়ে ২.৫০ টাকা নির্ধারণ করে। তবে ২০২৬ সাল থেকে এই ফি বৃদ্ধির বিরোধীতা করে আসছে বীমা কোম্পানিগুলো।
কোম্পানিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছে, এই অস্বাভাবিক ফি বৃদ্ধির ফলে ১০০ কোটি টাকা গ্রস প্রিমিয়াম সম্পন্ন একটি কোম্পানির ফি ১০ লাখ টাকা থেকে বেড়ে ২৫ লাখ টাকা হয়ে যাবে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র পক্ষ থেকে এই বর্ধিত ফি অবিলম্বে মওকুফের দাবি জানানো হয় এবং এটিকে খাতের জন্য একটি বড় আর্থিক বোঝা হিসেবে আখ্যায়িত করা হয়।
অপরদিকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে পাঠানো এক চিঠিতে নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ জানায়, তাদের নিজস্ব আয় থেকেই সব ব্যয় মেটাতে হয়। ডিজিটালাইজেশন, ন্যাশনাল কোর ইন্স্যুরেন্স সলিউশন ও বিভিন্ন নতুন ইনস্টিটিউট প্রতিষ্ঠার কার্যক্রম শুরু করায় আইডিআরএ’র ব্যয় বহুগুণ বেড়ে গেছে। তাই বীমা কোম্পানিগুলোর নিবন্ধন নবায়ন ফি বাড়ানো প্রয়োজন।
Leave a Reply