নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন বীমা কোম্পানির বিরুদ্ধে গ্রাহকদের অর্থ ফেরত না পাওয়া, অনিয়ম ও আর্থিক দুর্নীতির যেসব অভিযোগ উঠেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের চলমান অধিবেশনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
আবদুল হান্নান মাসউদ দেশের বীমা খাতে দীর্ঘদিনের অনিয়ম, ক্ষতিগ্রস্ত পলিসিহোল্ডারদের দুর্ভোগ এবং গ্রাহকদের অর্থ ফেরত পাওয়ার সমস্যার বিষয়টি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি অভিযোগ করেন, কয়েকটি বীমা কোম্পানি বিভিন্ন আকর্ষণীয় অফার ও প্রতিশ্রুতির মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছে। পরবর্তীতে অনেক গ্রাহক তাদের জমা করা অর্থ ফেরত পাওয়া নিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন।
সংসদ সদস্য আরও অভিযোগ করেন, বিগত সরকারের সময়ে কিছু বীমা কোম্পানির মাধ্যমে ব্যাপক আর্থিক অনিয়ম হয়েছে। তিনি ক্ষতিগ্রস্ত গ্রাহকদের অর্থ পুনরুদ্ধার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের উদ্যোগ জানতে চান।
জবাবে প্রধানমন্ত্রী বলেন, বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এসব অভিযোগের বিষয়ে কাজ করছে। তিনি বলেন, আইডিআরএতে নতুন চেয়ারম্যান দায়িত্ব নেয়ার পর অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।
তারেক রহমান বলেন, “সংসদ সদস্য যে অভিযোগগুলো তুলেছেন, আইডিআরএ’র চেয়ারম্যান ইতোমধ্যে সেগুলো নিয়ে তদন্ত করছেন। তদন্ত শেষ হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
খাত সংশ্লিষ্টদের মতে, বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থা, অভিযোগের নিরপেক্ষ নিষ্পত্তি এবং গ্রাহকদের স্বার্থ রক্ষায় বাস্তব পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এসব উদ্যোগ কার্যকর হলে দেশের বীমা খাতে গ্রাহকদের আস্থা আরও শক্তিশালী হতে পারে।
Leave a Reply