নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। একই সঙ্গে শেয়ারহোল্ডারদের স্বার্থ সুরক্ষার বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে বলে তিনি জানান।
মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা বলেন, ব্যাংক খাতে কিছুটা আস্থা ফিরেছে, তবে তা এখনো কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি দাবি করেন, যারা অর্থ পাচার করেছে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে তা করেছে; তবু সংশ্লিষ্টদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। কারা, কোন দেশে এবং কত টাকা পাচার করেছে—এসব তথ্য শনাক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
ড. সালেহউদ্দিন বলেন, নির্বাচিত সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে উদ্যোগ নিলে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আরও স্বাধীনতা চাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
পাঁচ ব্যাংকের বিষয়ে তিনি বলেন, আমানতকারীদের অর্থ ফেরতের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনায় রয়েছে। পাশাপাশি শেয়ারহোল্ডারদের স্বার্থ রক্ষায় কী করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে।
উপদেষ্টাদের সম্পদের বিবরণী প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, দু-এক দিনের মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ তা প্রকাশ করতে পারে। অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রমের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, এই সময়ে দেশকে একটি স্থিতিশীল অবস্থানে আনা হয়েছে, যেখান থেকে ভবিষ্যতে দ্রুত অগ্রগতি সম্ভব।
তিনি আরও বলেন, আগামীতে নির্বাচিত সরকার চাইলে বর্তমান উপদেষ্টা পরিষদের অনিয়ম ও দুর্নীতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে পারবে—এতে তাদের কোনো আপত্তি থাকবে না।
নিজের দায়িত্বপালনের মূল্যায়ন করতে গিয়ে ড. সালেহউদ্দিন বলেন, উপদেষ্টা হিসেবে নিজেকে ১০০-তে ৭০ নম্বর দেবেন। অনেক কাজ করার সুযোগ থাকলেও সব সম্পন্ন করা যায়নি। বিশেষ করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংস্কার পুরোপুরি শেষ করা সম্ভব হয়নি বলে উল্লেখ করেন তিনি। তাঁর ভাষায়, “সাঙ্গোপাঙ্গরা যদি ভালো না হয়, তাহলে আমি একা ভালো হয়ে কিছু করতে পারব না। সবাইকে ভালো হতে হবে।”
Leave a Reply