বাণিজ্য ডেস্ক: দেশের শিল্প ও উৎপাদন খাতে নানা সংকটের মধ্যেও আমদানি-রপ্তানি বাণিজ্যে উল্লেখযোগ্য অবস্থান ধরে রেখেছে বড় শিল্পগোষ্ঠীগুলো। ২০২৫-২৬ অর্থবছরে শুল্ক-করসহ আমদানি ও রপ্তানি বাণিজ্যের সম্মিলিত পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়েছে দেশের নয়টি শিল্প গ্রুপের। আগের অর্থবছরে এ তালিকায় ছিল আটটি গ্রুপ।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, নতুন করে এই তালিকায় যুক্ত হয়েছে খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ। অন্যদিকে আমদানি-রপ্তানি বাণিজ্য ৪১ শতাংশ কমে যাওয়ায় তালিকা থেকে ছিটকে পড়েছে সিটি গ্রুপ।
বিলিয়ন ডলার ক্লাবে থাকা নয়টি শিল্পগোষ্ঠী হলো মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই), প্রাণ-আরএফএল, দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশন, আবুল খায়ের গ্রুপ, স্কয়ার গ্রুপ, বিএসআরএম, টি কে গ্রুপ, খায়ের কাশেম গ্রুপ ও হা-মীম গ্রুপ।
এনবিআরের হিসাব বলছে, গত অর্থবছরে এই নয়টি গ্রুপ ৯৮৩ কোটি ডলারের পণ্য আমদানি করেছে। বিপরীতে রপ্তানি করেছে প্রায় ৩০৫ কোটি ডলারের পণ্য। আমদানি পর্যায়ে তারা সরকারকে শুল্ক-কর দিয়েছে ১৯ হাজার ৯৪৪ কোটি টাকা। সব মিলিয়ে তাদের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ৪৫৫ কোটি ডলার। শুল্ক-কর বাদে শুধু পণ্য আমদানি ও রপ্তানির মূল্য বিবেচনায় নিলে এই অঙ্ক ১ হাজার ২৮৭ কোটি ডলার।
গত অর্থবছরে দেশের মোট আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ১১ হাজার ৯৩৩ কোটি ডলার। সে হিসাবে শীর্ষ নয় শিল্পগোষ্ঠীর অবদান প্রায় ১১ শতাংশ। এসব প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় ছয় লাখ মানুষ।
শীর্ষে মেঘনা গ্রুপ: বিলিয়ন ডলারের এই তালিকায় শীর্ষ অবস্থান ধরে রেখেছে মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ। গত অর্থবছরে শুল্ক-করসহ গ্রুপটির আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ছিল ৩২৬ কোটি ৯১ লাখ ডলার। আগের অর্থবছরের তুলনায় এ বাণিজ্য বেড়েছে ১৪ শতাংশ। গ্রুপটি ২৬৭ কোটি ১৭ লাখ ডলারের পণ্য আমদানি এবং ১৪ কোটি ৭৫ লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে। আমদানি পর্যায়ে শুল্ক-কর দিয়েছে ৫ হাজার ৫০২ কোটি টাকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। তাদের আমদানি-রপ্তানি বাণিজ্য দাঁড়িয়েছে ২২৬ কোটি ২২ লাখ ডলার, যা আগের বছরের তুলনায় ১৯ শতাংশ বেশি। গত অর্থবছরে ১২৯টি দেশে পণ্য রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। রপ্তানির পরিমাণ ছিল ৫১ কোটি ৭৬ লাখ ডলার।
তৃতীয় অবস্থানে থাকা দক্ষিণ কোরিয়ার ইয়াংওয়ান করপোরেশনের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়েছে ১৭৫ কোটি ৪৭ লাখ ডলার। তবে রপ্তানিতে সবার ওপরে রয়েছে এই প্রতিষ্ঠান। গত অর্থবছরে তাদের রপ্তানির পরিমাণ ছিল ১১১ কোটি ৬১ লাখ ডলার। যুক্তরাষ্ট্র, জার্মানি ও চীন তাদের বড় বাজার।
চতুর্থ অবস্থানে রয়েছে আবুল খায়ের গ্রুপ। গত অর্থবছরে তাদের আমদানি-রপ্তানি বাণিজ্য ছিল প্রায় ১৬০ কোটি ডলার। আমদানির প্রায় ৯৫ শতাংশই ছিল শিল্পের কাঁচামাল। রড, সিমেন্ট, ঢেউটিন, গুঁড়া দুধ ও চায়ের বাজারে গ্রুপটির উল্লেখযোগ্য অবস্থান রয়েছে।
পঞ্চম অবস্থানে থাকা স্কয়ার গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়েছে ১২১ কোটি ৭৭ লাখ ডলার। ৯৭টি দেশে পণ্য রপ্তানি করেছে প্রতিষ্ঠানটি। তাদের রপ্তানি আয়ের ৮৯ শতাংশ আসে তৈরি পোশাক খাত থেকে। এ ছাড়া ওষুধ, খাদ্যপণ্য ও প্রসাধনসামগ্রী রপ্তানি করে গ্রুপটি।
ষষ্ঠ অবস্থানে রয়েছে বিএসআরএম। শুধু ইস্পাত খাতের ব্যবসার মাধ্যমে তাদের আমদানি-রপ্তানি বাণিজ্য দাঁড়িয়েছে ১১৬ কোটি ৬৭ লাখ ডলার। গ্রুপটির আমদানির প্রায় ৯৮ শতাংশই ইস্পাত উৎপাদনের কাঁচামাল।
সপ্তম অবস্থানে থাকা টি কে গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১১২ কোটি ৫৮ লাখ ডলার। তাদের আমদানির বড় অংশ অপরিশোধিত পাম ও সয়াবিন তেলসহ বিভিন্ন শিল্পের কাঁচামাল।
নতুন করে তালিকায় জায়গা করে নেওয়া খায়ের কাশেম গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্য হয়েছে ১০৭ কোটি ৪১ লাখ ডলার। গত দুই বছরে পাঁচটি প্রতিষ্ঠান অধিগ্রহণের পর তাদের উৎপাদন কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। অন্যদিকে হা-মীম গ্রুপের আমদানি-রপ্তানি বাণিজ্যের পরিমাণ ১০৫ কোটি ডলার। গ্রুপটির রপ্তানি আয় ৭৫ কোটি ১৬ লাখ ডলার, যা আমদানির প্রায় আড়াই গুণ। দেশীয় শিল্পগোষ্ঠীগুলোর মধ্যে রপ্তানিতে শীর্ষে রয়েছে তারা।
উৎপাদন বাড়াতে জ্বালানি ও নীতিসহায়তা জরুরি
শিল্প উদ্যোক্তারা বলছেন, জ্বালানি সংকট, বৈশ্বিক অস্থিরতা এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতা ব্যবসা সম্প্রসারণের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল জানান, সংকটের মধ্যেও উৎপাদনমুখী খাতে বিনিয়োগ অব্যাহত রেখেছেন তাঁরা। আমদানির বিকল্প পণ্য উৎপাদনের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থান তৈরির চেষ্টা করছেন।
প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, বিভিন্ন চ্যালেঞ্জের মধ্যেও বাংলাদেশের উৎপাদন খাতে ভালো করার সুযোগ রয়েছে। উৎপাদন ব্যয় তুলনামূলক কম হওয়ায় আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা রয়েছে দেশের।
অন্যদিকে ইয়াংওয়ান করপোরেশনের চেয়ারম্যান কিহাক সাং মনে করেন, উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও নতুন বিনিয়োগ বাড়াতে নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন।
তথ্যসূত্র: প্রথম আলো।
Leave a Reply