1. baiozidkhan@gmail.com : admin_bizp :
তিন মাসের সর্বোচ্চ লেনদেন, সূচকেও চাঙা শেয়ারবাজার - Business Protidin

তিন মাসের সর্বোচ্চ লেনদেন, সূচকেও চাঙা শেয়ারবাজার

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: জব্দ থাকা বিনিয়োগকারীদের কিছু বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব পুনরায় চালুর সিদ্ধান্তের পর দেশের শেয়ারবাজারে লেনদেনে গতি ফিরতে শুরু করেছে। সেই ইতিবাচক প্রবণতা চলতি সপ্তাহেও অব্যাহত রয়েছে। সূচকের উত্থান খুব বেশি না হলেও লেনদেন বাড়ায় বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের মধ্যে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন প্রায় হাজার কোটি টাকায় পৌঁছেছে, যা গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ।

 

দেশের পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের লেনদেনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৮ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪৯১ দশমিক ৭৯ পয়েন্টে দাঁড়িয়েছে। গত ১ অক্টোবরের পর এটিই সূচকটির সর্বোচ্চ অবস্থান। একই সঙ্গে বাজারে লেনদেনের পরিমাণও উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, আজ বাজারে মোট লেনদেন হয়েছে ৯৩৯ কোটি ১০ লাখ টাকা। আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১৭ দশমিক ৬ শতাংশ। গত ১৮ আগস্টের পর এটিই এক দিনে সর্বোচ্চ লেনদেন। বাজারে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় সূচকের এই উত্থান হয়েছে। দিন শেষে ২৫৩টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। বিপরীতে কমেছে ৮৭টির এবং অপরিবর্তিত ছিল অন্য কোম্পানিগুলোর শেয়ারদর।

গত ৩ নভেম্বর ডিএসইএক্স সূচক সর্বনিম্ন অবস্থানে নেমে গিয়েছিল। এরপর থেকে সূচকটি ধারাবাহিকভাবে ঘুরে দাঁড়িয়েছে। ওই অবস্থান থেকে এখন পর্যন্ত সূচক বেড়েছে ২০৭ পয়েন্ট বা ৩ দশমিক ৯ শতাংশ।

আজকের বাজারে ব্যাংক খাতের শেয়ার লেনদেনে বিশেষ তৎপরতা দেখা গেছে। এ খাতে লেনদেন আগের তুলনায় ৪৯ শতাংশ বেড়ে ১১০ কোটি ৬০ লাখ টাকায় দাঁড়িয়েছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংকগুলোর বেশির ভাগের শেয়ার এখন মাত্র ৩ থেকে ৪ গুণ মূল্য-আয় অনুপাতে (পিই রেশিও) লেনদেন হচ্ছে। যেখানে পুরো বাজারের গড় পিই রেশিও ৮ দশমিক ২ গুণ।

আজ ব্যাংক খাতের শেয়ারগুলোর মধ্যে সিটি ব্যাংক, ডাচ্-বাংলা ব্যাংক, প্রাইম ব্যাংক, পূবালী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি), ইস্টার্ন ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।

এদিকে সরকারের পক্ষ থেকে ইসলামী ব্যাংকে ৬ হাজার কোটি টাকা মূলধন বিনিয়োগের প্রস্তাবের খবরের প্রভাব পড়েছে ব্যাংকটির শেয়ারে। গত দুই দিনে ইসলামী ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে ২০ দশমিক ৫ শতাংশ।

অন্যদিকে প্রথম প্রান্তিকের আর্থিক ফল প্রকাশের পর বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) শেয়ারের দামেও উল্লেখযোগ্য উত্থান হয়েছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ১৪ শতাংশ বেড়ে ৫ টাকা ৮৮ পয়সা হয়েছে। এ খবরে আজ বিএসসির শেয়ারের দাম বেড়েছে ৮ দশমিক ৬ শতাংশ।

বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সূচকের পাশাপাশি লেনদেন বৃদ্ধি এবং অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বাড়া বাজারে ইতিবাচক অংশগ্রহণের ইঙ্গিত দেয়। তবে সাম্প্রতিক উত্থানের ধারাবাহিকতা বজায় থাকে কি না, তা পরবর্তী লেনদেনে স্পষ্ট হবে।

সংবাদটি শেয়ার করতে নিচের সোশ্যাল মিডিয়া আইকনে ক্লিক করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© All rights reserved © 2025 Businessprotidin.com
Site Customized By NewsTech.Com