নিজস্ব প্রতিবেদক: ব্রোকারেজ হাউসের অর্থ আত্মসাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারের বিনিয়োগকারীদের সর্বোচ্চ পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বিনিয়োগকারী সুরক্ষা তহবিল থেকে এ ক্ষতিপূরণ দেওয়া হবে। এ জন্য চারটি ব্রোকারেজ প্রতিষ্ঠানের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাই করা ও অনিষ্পন্ন দাবির বিপরীতে অর্থ পরিশোধের ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ক্ষতিপূরণের আওতায় থাকা চারটি প্রতিষ্ঠান হলো—বাংকো সিকিউরিটিজ লিমিটেড, তামহা সিকিউরিটিজ লিমিটেড, ক্রেস্ট সিকিউরিটিজ লিমিটেড এবং শাহ মোহাম্মদ সগীর অ্যান্ড কোম্পানি লিমিটেড। এসব প্রতিষ্ঠানের কারণে যেসব বিনিয়োগকারী আর্থিক ক্ষতির শিকার হয়েছেন, তাঁদের যাচাই করা এবং এখনো নিষ্পত্তি না হওয়া দাবির বিপরীতে ক্ষতিপূরণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বিনিয়োগকারী সুরক্ষা তহবিলের বিধান অনুসরণ করে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে কতজন বিনিয়োগকারী এ সুবিধা পাবেন এবং কবে নাগাদ অর্থ বিতরণ শুরু হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।
Leave a Reply